চাটমোহর পৌর শহরে দিনরাত চলছে মশার উপদ্রব। এতে অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন।
বাসিন্দারা বলছেন, মশার উপদ্রবে কাজকর্ম চালানো কঠিন হয়ে পড়েছে। বিকাল হলেই ঘরের দরজা-জানালা বন্ধ করে রাখতে হচ্ছে। জ্বালিয়ে রাখা হচ্ছে কয়েল। তারপর মশার কামড় থেকে নিস্তার মিলছে না।
সরেজমিনে দেখা গেছে, পৌর শহরের অধিকাংশ ড্রেন ময়লা-আবর্জনায় পরিপূর্ণ, নেই পানি প্রবাহ। সেখানে উড়ে বেড়াচ্ছে মশা।
এছাড়া পৌরসভার পাশ দিয়ে বয়ে যাওয়া বড়াল নদ এখন মশা উৎপাদনের ভাগাড়ে পরিণত হয়েছে। শহরের সকল স্তরের বর্জ্য, ময়লা ও বড়াল পাড়ের মুরগির খামারের বর্জ্য ফেলা হচ্ছে নদে। বদ্ধ এই নদ এখন মশার প্রজনন ক্ষেত্র হয়ে উঠেছে। সন্ধ্যা হলেই ঝাঁকে ঝাঁকে মশা বড়াল থেকে উঠে এসে বাসা-বাড়িতে ঢুকে পড়ছে। এতে বেড়েছে নাগরিক ভোগান্তি। পৌরসভা থেকে ফগার মেশিনের মাধ্যমে ওষুধ ছিটানো হলেও তা তেমন কাজে আসছে না। পৌরবাসী মশা নিধনে বাস্তবভিত্তিক পদক্ষেপের দাবি জানিয়েছেন পৌর কর্তৃপক্ষের কাছে।
এ বিষয়ে পৌরসভার মেয়র অ্যাড. সাখাওয়াত হোসেন সাখো বলেন, প্রতিটি ওয়ার্ডে মশা নিধন কার্যক্রম চলছে। পৌরসভার কর্মীরা ফগার মেশিন ও হ্যান্ড স্প্রে দিয়ে ওষুধ ছিটাচ্ছে। এতে মশার বংশ বিস্তার রোধ হবে।
