খুলনা বিশ্ববিদ্যালয়ে (খুবি) আন্তঃডিসিপ্লিন ক্রিকেট প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গণযোগাযোগ ও সাংবাদিকতা (এমসিজে)। মঙ্গলবার (২৯ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পরিসংখ্যান ডিসিপ্লিনকে ১৭ রানে পরাজিত করে তারা। টুর্নামেন্টে সবগুলো ম্যাচ জিতে অপরাজিত চ্যাম্পিয়ন হয় এমসিজে।
খেলায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন এমসিজ-এর অলরাউন্ডার মো. আশরাফুল (১৪ রান ও ৩ উইকেট)। টুর্নামেন্ট সেরা নির্বাচিত হন এমসিজে-এর অধিনায়ক সাদমান সাকিব। টুর্নামেন্টের ৫ ম্যাচে ১৭৯ রান করে সর্বোচ্চ রানের পুরস্কার পান পরিসংখ্যান ডিসিপ্লিনের বেলাল হোসেন বিপ্লব ও ৮ উইকেট শিকার করে সর্বোচ্চ উইকেট শিকারির পুরস্কার পান এমসিজে-এর শেখ রাসেল। দলগতভাবে ফেয়ার প্লে অ্যাওয়ার্ড লাভ করে ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং (ইসিই) ডিসিপ্লিন।
ফাইনাল খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের অধিনায়কের হাতে ট্রফি তুলে দেন প্রধান অতিথি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। এ সময় তিনি দুই দলের খেলোয়াড়দের মেডেল পরিয়ে দেন।
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস। সভাপতিত্ব করেন শারীরিক শিক্ষা চর্চা বিভাগের পরিচালক (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. আহসান হাবীব। এ সময় সংশ্লিষ্ট ডিসিপ্লিন প্রধানসহ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
