রুশ বাহিনী জ্বালানি ডিপোগুলোতে হামলা চালাচ্ছে: ইউক্রেন

আপডেট : ৩০ মার্চ ২০২২, ০৪:১৫

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ তাদের সর্বশেষ হালনাগাদ তথ্যে জানিয়েছে, রাশিয়ার বাহিনীগুলো ইউক্রেন জুড়ে জ্বালানি সংরক্ষণাগারগুলো লক্ষ্য করে হামলা চালাচ্ছে। ‘রসদ সরবরাহ জটিল’ করে তুলতে এবং ‘মানবিক সংকটের পরিস্হিতি সৃষ্টি করতে’ তারা এমনটি করছে। খবর প্রকাশ করেছে বিবিসি।

প্রতিবেদনে বলা হয়েছে, এ উদ্দেশ্যে ‘আবাসিক এলাকাগুলোতে ক্ষেপণাস্ত্র হামলা’ চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছে ইউক্রেনীয় বাহিনীর জেনারেল স্টাফ। সম্প্রতি ইউক্রেনের রাজধানী কিয়েভ সহ লভিভ, রিভনে, জেতোমর ও লুটস্কের পাশাপাশি আরও বেশ কয়েকটি শহরের জ্বালানি ডিপোগুলোতে হামলার খবর পাওয়া গেছে।

ইউক্রেনের সামরিক বাহিনী আরও অভিযোগ করে বলেছে, রাশিয়ার বিভিন্ন ইউনিটগুলো মালামাল লুট, অপহরণ ও বেসামরিকদের জিম্মি করার মাধ্যমে স্হানীয় বাসিন্দাদের মধ্যে ভীতি ছড়াচ্ছে। রাজধানী কিয়েভ, দক্ষিণ-পূর্বাঞ্চলের জাপোরিজজিয়া, দক্ষিণাঞ্চলের খেরসন এবং পূর্বাঞ্চলের খারকিভে এমনটি করা হচ্ছে বলে দাবি করেছে তারা।

বিবিসি তাৎক্ষণিকভাবে এসব অভিয়োগ যাচাই করে দেখতে পারেনি বলে জানিয়েছে। তবে রাশিয়ার নিয়ন্ত্রিত এলাকাগুলোতে কিছু ইউক্রেনীয়কে নির্বিচারে আটক করা হচ্ছে এবং গুমের শিকার হচ্ছে। চলতি সপ্তাহের প্রথম দিকে এমন একটি প্রতিবেদন করেছিল তারা।

ইত্তেফাক/টিএ