শিশু আরাফ হত্যা মামলার রায় পেছালো

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৩:৫৩

চট্টগ্রামের শিশু আবদুর রহমান আরাফ হত্যা মামলার রায় পিছিয়েছে। রায় ঘোষণার জন্য ২৮ এপ্রিল পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বুধবার (৩০ মার্চ) দুপুরে চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিন এ আদেশ দেন। 

আদালতের পিপি প্রবীর কুমার ভট্টাচার্য্য বলেন, ‘বিচারক আগামী ২৮ এপ্রিল রায়ের দিন ধার্য করেছেন।’ তিনি বলেন, ‘আজ হাইকোর্ট থেকে দুইজন বিচারপতি চট্টগ্রাম আদালতে এসেছেন। তাদের সঙ্গে বিচারকদের সভা আছে। এ কারণে বিচারক ব্যস্ত থাকবেন। সেজন্য রায় ঘোষণার পরবর্তী তারিখ ধার্য করা হয়েছে।’

মামলার আসামিরা হলেন- হত্যার পরিকল্পনাকারী মো. ফরিদ (৩৮), দারোয়ান মো. হাসান (২৩) ও তার মা নাজমা বেগম। এদের মধ্যে মো.হাসান জামিনে আছেন। অন্য ২ জনকে কারাগারে পাঠানো হয়েছে।  

২০২১ সালের ১০ মার্চ এ মামলার চার্জ গঠন করা হয়। রাষ্ট্রপক্ষে ২০ জন সাক্ষ্য দিয়েছেন। আসামি পক্ষে ১০ জনের সাফাই সাক্ষ্য হয়েছে। 

২০২০ সালের ৬ জুন চট্টগ্রাম নগরীর বাকলিয়ায় শিশু আরাফ হত্যার ঘটনা ঘটে। ‘বাড়ির মালিককে ফাঁসাতে’ হত্যা করা হয় দুই বছরের শিশু আরাফকে।

ইত্তেফাক/কেকে