শরণখোলায় হরিণের মাংসসহ একজনকে গ্রেপ্তার করেছে বনরক্ষী। বুধবার (৩০ মার্চ) দুপুরে উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা এলাকায় এ অভিযান চালানো হয়। পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশন কর্মকর্তা ফরেস্টার আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।
আটক জুবায়ের হোসেন (৩০) খুলনার পাইকগাছার নাসিরপুর গ্রামের মৃত মনিরুজ্জামানের পুত্র।
বনবিভাগ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শরণখোলা রেঞ্জের স্মার্ট টিমের বনরক্ষীরা বুধবার (৩০ মার্চ) বেলা দেড়টার দিকে উপজেলার মঠেরপাড় (নলবুনিয়া) বটতলা এলাকায় উপজেলা সদর রায়েন্দা বাজার থেকে মোরেলগঞ্জগামী একটি মোটর সাইকেলকে থামায়। মোটর সাইকেলের সাথে বাধা একটি ব্যাগ জব্দ করে তাতে ৪ কেজি হরিণের মাংস পাওয়া যায়। বনরক্ষীরা হরিণের মাংস বহনের দায়ে মোটরসাইকেল চালক জুবায়ের হোসেনকে আটক করে শরণখোলা রেঞ্জ সদরে নিয়ে যায়।
স্টেশন কর্মকর্তা জানান, জুবায়ের একজন হরিণ শিকারি ও মাংস বিক্রেতা। মোটরসাইকেলসহ হরিণের মাংস গ্রেপ্তারের ঘটনায় একটি বন মামলা রেকর্ড করা হয়েছে এবং জুবায়েরকে বুধবার বিকেলে বাগেরহাট আদালতে চালান দেওয়া হয়েছে বলেও জানান তিনি।
