দীর্ঘ ১৭ বছর পর খুলনা বিশ্ববিদ্যালয়ের(খুবি) সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচনের ভোটগ্রহণ শেষ হয়েছে। বুধবার (৩০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের কবি জীবনানন্দ দাশ একাডেমিক ভবনে এ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে ১৫টি পদের বিপরীতে ৩৩ জন শিক্ষক প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ৩৯০ জন ভোটারের মধ্যে ৩৬৫ জন ভোটাধিকার প্রয়োগ করেন বলে জানায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
বিশ্ববিদ্যালয়র উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন বলেন, দীর্ঘ ১৭ বছর সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন হচ্ছে। শিক্ষকরা অত্যন্ত আনন্দ সহকারে নির্বাচনে অংশগ্রহণ করেছেন এবং ভোট দিয়েছেন।
তিনি আরও বলেন, সিনেট কার্যকরের মাধ্যমে গভর্নেন্সের জায়গাটা পরিস্কার হবে। এতে বিশ্ববিদ্যালয়ের সিনেট আরও বেশি কার্যকর হবে।
উল্লেখ্য, খুলনা বিশ্ববিদ্যালয় সিনেটে ১৬টি ক্যাটাগরিতে ৫৬ জন সদস্য থাকার বিধান রয়েছে। এছাড়া আরও একটি ক্যাটাগরিতে প্রাক্তন ভাইস-চ্যান্সেলরবৃন্দও সিনেটের সদস্য হিসেবে থাকবেন। সিনেটে মনোনীত বা নির্বাচিত সদস্যদের মেয়াদ ৩ বছর। তবে মেয়াদ শেষ হলেও উত্তরাধিকারী কার্যভার গ্রহণ না করা পর্যন্ত উক্ত সদস্যগণ পদে বহাল থাকবেন বলে বিশ্ববিদ্যালয় আইনে উল্লেখ রয়েছে।
