বাগেরহাটে পুকুর থেকে কুমির উদ্ধার

আপডেট : ৩০ মার্চ ২০২২, ১৮:২০

বাগেরহাটের রামপাল উপজেলায় একটি পুকুর থেকে কুমির উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে গৌরম্ভা ইউনিয়নের শ্রীরম্ভা গ্রামের ইসাফিল গাজীর বাড়ির পুকুর থেকে জাল টেনে কুমিরটিকে উদ্ধার করেন স্থানীয়রা।

স্থানীয় আশিকুজ্জামান বলেন, সোমবার বিকাল থেকে স্থানীয় এক ব্যক্তি তার ছয়টি হাঁস খুঁজে পাচ্ছিলেন না। মঙ্গলবার সকালে ইসাফিল গাজীর পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে সন্দেহ হয়। পরে জাল টেনে কুমিরটি ধরা হয়।  

তিনি আরো বলেন, এই পুকুরটির সঙ্গে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি পশুর নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি এই খালে প্রবেশ করেছে। পরবর্তীতে কুমিরটি পুকুরে আশ্রয় নিয়েছে। 

এ বিষয়ে সুন্দরবন পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণী প্রজনন-কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির বলেন, কুমিরটি প্রায় ৯ ফুট লম্বা। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে এটিকে উদ্ধার করা হয়েছে। দুপুরে কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদতে অবমুক্ত করা হয়েছে। এর আগে ১১ মার্চ রামপাল উপজেলার বগুরা খালে মাছ ধরার সময় জেলেদের জালে একটি কুমির ধরা পরে। পরবর্তীতে কুমিরটিকে সুন্দরবনের করমজল সংলগ্ন খালে অবমুক্ত করা হয়। 

ইত্তেফাক/এআই