পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিপদ ফের বাড়লো। নতুন করে ইমরান সরকারের আরেক গুরুত্বপূর্ণ দল জোট থেকে বেরিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।
বুধবার (৩০ মার্চ) ক্ষমতাসীন পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) নেতৃত্বাধীন জোট সরকার ছেড়ে দেওয়ার ঘোষণা দেয় সিন্ধু প্রদেশের শক্তিশালী রাজনৈতিক দল মুত্তাহিদা কওমি মুভমেন্ট পাকিস্তান (এমকিউএম-পি)।
মঙ্গলবার রাত থেকে এমকিউএম-পি ও দেশটির বিরোধী নেতাদের মধ্যে টানা আলোচনার পর এই ঘোষণা এলো। এতে করে ইমরান খানের ওপর চাপ আরও বাড়লো।
বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে এমকিউএম-পি এর সিনিয়র নেতা ও ক্ষমতাসীন সরকারের কেন্দ্রীয় মন্ত্রী আমিনুল হক বলেন, 'সরকারের সঙ্গে বিচ্ছেদের সিদ্ধান্তকে দলের সমন্বয় কমিটি অনুমোদন দিয়েছে।'
তিনি আরও বলেছেন, 'আমরা কেন্দ্রীয় মন্ত্রিসভা থেকে আমাদের পদত্যাগপত্র জমা দিয়েছি।'
এদিকে দেশটির পার্লামেন্টে ইতোমধ্যে অনাস্থা প্রস্তাব উত্থাপন করা হয়েছে। আগামী ৩ এপ্রিল অনাস্থা ভোট হওয়ার কথা রয়েছে।
