‘বাংলাদেশে আর কখনো বিএনপি-জামায়াতের সরকার হবে না’

আপডেট : ০৩ এপ্রিল ২০২২, ১১:৩৬

বাংলাদেশে আর কখনো বিএনপি-জামায়াতের সরকার হবে না বলে মন্তব্য করেছেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ড. মো. আব্দুর রাজ্জাক।বৃহস্পতিবার সকালে টাঙ্গাইলের মির্জাপুরে উপজেলা আওয়ামী লীগের ত্রিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।

তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ দেশের বৃহত্তম, সবচেয়ে প্রাচীন ও ঐতিহ্যবাহী দল। এ দেশের বেশির ভাগ মানুষ আওয়ামী লীগকে সমর্থন করে।এই আওয়ামী লীগকে বাদ নিয়ে জাতীয় সরকার করবে বিএনপি।বিএনপি গঠিত জাতীয় সরকার  হবে রাজাকার, আলবদর, জামায়াতসহ বাংলাদেশবিরোধী সরকার।

বিএনপির উদ্দেশ্যে ড. আব্দুর রাজ্জাক বলেন, আপনাদের এদেশের মানুষ প্রত্যাখ্যান করেছে।জনগণের ভোটে যারা সংসদে বেশি আসন পাবে, তারাই দেশে সরকার গঠন করবে।  কাজেই বাংলাদেশে কোনোদিন জাতীয় সরকার হবে না।

সম্মেলনে বিশেষ অতিথি হিসেবে আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম এমপি, শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শামসুন নাহার চাঁপা, সদস্য রিয়াজুল কবীর কাওছার, উদ্বোধক হিসেবে টাঙ্গাইল জেলা আওয়ামী লীগের সভাপতি ফজলুর রহমান খান ফারুক, প্রধান বক্তা হিসেবে সাধারণ সম্পাদক জোয়াহেরুল ইসলাম এমপি এবং বিশেষ বক্তা হিসেবে স্থানীয় সংসদ সদস্য খান আহমেদ শুভ বক্তব্য রাখেন। সভাপতিত্ব করেন মির্জাপুর উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি মীর এনায়েত হোসেন। সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক মীর শরীফ মাহমুদ।