তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ বলেছেন, বিএনপির বক্তব্য হলো খালি কলসি বেশি বাজার মতো। তারা কখন কি বলে- তা নিজেরাই জানে না।
বৃহস্পতিবার (৩১ মার্চ) দুপুরে নওগাঁ শহরের নওজোয়ান মাঠে জেলা আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য তিনি এ সব কথা বলেন।
মন্ত্রী বলেন, যারা জামিন নেওয়ার জন্য পুরুষ হয়েও বোরকা পরে হাইকোর্টে হাজির হয়- তারা নাকি সরকার পতন ঘটাবে। আমরা গত কয়েক বছর আগে দেখেছি বিএনপি নেতারা গ্রেফতার এড়াতে পুলিশের ভয়ে বোরকা পরে হাইকোর্টের জামিন নিতে গিয়েছিল। এই লজ্জা বিএনপি কোথায় রাখবেন।
হাছান মাহমুদ বলেন, বিএনপি বলে বেড়াচ্ছে- নিরপেক্ষ সরকার না হলে তারা নির্বাচনে আসবে না। বাংলাদেশের সংবিধান অনুযায়ী আর কোনো তত্ত্বাবধায়ক সরকার হবে না। নির্বাচন সরকারের অধীনে হয় না। নির্বাচন হয় নির্বাচন কমিশনের অধীনে। নির্বাচন কমিশনার স্বাধীন। সুতরাং স্বাধীন নির্বাচন কমিশনের অধীনেই নির্বাচন অনুষ্ঠিত হবে। বিএনপি নির্বাচনে আসবে কি আসবে না, সেটি তাদের বিষয়।
এর আগে সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলটির সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। সম্মেলনে নওগাঁ জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল মালেকের সভাপতিত্বে, সাধারণ সম্পাদক সাধন চন্দ্র মজুমদারের সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন-আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রহমান, দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, সাংগঠনিক সম্পাদক এসএম কামাল হোসেন, জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. রোকেয়া সুলতানা, কার্যকরী সদস্য মেরিনা জাহান কবিতা প্রমুখ। পরে পুনরায় আব্দুল মালেককে সভাপতি ও সাধন চন্দ্র মজুমদারকে সাধারণ সম্পাদক করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

শিক্ষার মানোন্নয়ন না হলে কোনো উন্নয়নই টেকসই হয় না: শিক্ষামন্ত্রী