পুতিনের দাবি প্রত্যাখ্যান করলো জার্মানি-ফ্রান্স 

আপডেট : ৩১ মার্চ ২০২২, ২১:১৭

আগামী এক এপ্রিল থেকে রাশিয়ার গ্যাস বিল রুবলে পরিশোধ করতে হবে। এ নিয়ে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন আজ বৃহস্পতিবার (৩১ মার্চ) এক ডিক্রিতে স্বাক্ষর করেছেন। রাশিয়ার এমন দাবির পর তা প্রত্যাখ্যান করেছে জার্মানি ও ফ্রান্স। 

জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস বলেন, পশ্চিমা দেশগুলো রাশিয়ার গ্যাস বিল ইউরো বা ডলারে পরিশোধ করা অব্যাহত রাখবে। 

বার্লিনে রিপোর্টারদের ওলাফ বলেন,  আমরা গ্যাস সরবরাহের চুক্তি দেখেছি। সেখানে গ্যাস বিল ইউরো এবং মাঝে মাঝে ডলারে পরিশোধ করার কথা বলা হয়েছে। আমি রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে কথোপকথনে বিষয়টি পরিষ্কার করেছি যে এই অবস্থা অব্যাহত থাকবে।   

গত বুধবার পুতিনের সঙ্গে ফোনে কথা বলেন ওলাফ শলৎস।

রাশিয়ার এমন দাবিকে চুক্তির অগ্রহণযোগ্য লঙ্ঘন বলে উল্লেখ করেছে জার্মানি ও ফ্রান্স। এখইসঙ্গে দেশ দুইটি রাশিয়ার এই কৌশলকে 'ব্লাকমেইল' হিসেবে অভিহিত করেছে। 

ইত্তেফাক/এসআর