আড়াইহাজারে বেপরোয়া বালুবাহী ডাম্পট্রাক, ভাঙছে রাস্তাঘাট

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১০:৩২

বালুবাহী ডাম্পট্রাক দাপিয়ে বেড়াচ্ছে আড়াইহাজার উপজেলা। দুটি পৌরসভা ও ১০টি ইউনিয়নের বিভিন্ন এলাকায় আইন অমান্য করে অতিরিক্ত বালু নিয়ে বেপরোয়া গতিতে চলছে শতাধিক বালুবাহী ডাম্পট্রাক।

এসব যানের চাকার আঘাতে ক্ষত-বিক্ষত হচ্ছে উপজেলার বিভিন্ন সড়ক। কোটি কোটি টাকা ব্যয়ে নির্মিত কয়েকটি সড়ক এখন ভেঙেচুরে একাকার। এতে রাস্তায় চলতে গিয়ে প্রতিদিন ভোগান্তির শিকার হচ্ছেন পরিবহন চালক, যাত্রী ও পথচারীরা। কেবল সড়কের ক্ষতি নয়, প্রায়ই ঘটছে দুর্ঘটনা। ভয়ংকর বিষয় হচ্ছে, এসব বালুবাহী ডাম্পট্রাকের চালকের আসনে বসানো হয় কিশোর বয়সি চালক। যাদের কোনো অভিজ্ঞতাই নেই। ড্রাইভিং লাইসেন্স তো অনেক দূরের বিষয়। 

খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার গোপালদী, আড়াইহাজার সদর, বিশনন্দি, কামরানির চর ও আশপাশ এলাকায় বালুবাহী ডাম্পট্রাকের চলাচল বেশি। ডাম্পট্রাকগুলোর কোনো কাগজপত্র নেই। কিশোর বয়সি ছেলেদের বসিয়ে দেওয়া হয় চালকের আসনে। রিকশা ও ট্রাক্টর চালানোর অভিজ্ঞতাই তাদের একমাত্র সম্বল। 

সর্বশেষ গত বুধবার ভোরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের সাদারদিয়া গ্রামে সুরুজ মিয়া ও জুনু মিয়ার ঘরের ওপর ডাম্পট্রাক উঠিয়ে দিয়েছে অদক্ষ চালক। এর এক সপ্তাহ আগে দক্ষিণপাড়ায় একটি ওষুধের দোকানে ডাম্পট্রাক ঢুকে পড়ায় লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। অভিযোগ রয়েছে, স্থানীয় প্রভাবশালীদের ম্যানেজ করে এসব গাড়ি চলাচল করছে। 

আড়াইহাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডাক্তাররা জানান, গত ছয় মাসে উপজেলায় যত দুর্ঘটনার রোগী হাসপাতালে এসেছে তার বেশির ভাগই ছিল ডাম্পট্রাক দুর্ঘটনার। প্রায় প্রতিদিন বালুবাহী ট্রাক দুর্ঘটনার রোগী আসে। এ ব্যাপারে আড়াইহাজার থানার ওসি মো. আনিচুর রহমান মোল্লা বলেন, মাঝেমধ্যে আমাদের অভিযান চলে। অদক্ষ চালকদের গ্রেফতারও করা হয়। অভিযোগ পেলেই আমরা ব্যবস্থা নিই। 

ইত্তেফাক/ইআ