নারায়ণগঞ্জে আলোচিত আলমগীর হত্যায় প্রধান ২ আসামি গ্রেপ্তার

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৪:২৪

নারায়ণগঞ্জের ফতুল্লার প্রকাশ্যে আলমগীর হোসেন নামে এক যুবককে হত্যার ঘটনায় প্রধান দুই আসামিকে ঢাকা থেকে গ্রেফতার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

শুক্রবার (১ এপ্রিল) সকালে রারায়ণগঞ্জের আদমজীতে র‍্যাব-১১ এর সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান অধিনায়ক লে. কর্নেল তানভীর মাহমুদ পাশা।

সংবাদ সম্মেলনে জানানো হয়, র‌্যাব সদস্যরা ঢাকার শান্তিনগর এলাকায় অভিযান চালিয়ে হত্যা মামলার প্রধান দুই আসামি ওমর ফারুক (৪৬) এবং আব্দুল আলীকে (৬০) শুক্রবার গ্রেফতার করে।

মামলার এজাহার সূত্রে জানা যায়, নিহত আলমগীর হোসেন (৩৪) গ্রেফতার আসামি আব্দুল আলীর তিশা ব্রিক ফিল্ড ও ওমর ফারুকের মারুফা ব্রিক ফিল্ডে লোড আনলোডের কাজ করতেন। পূর্ব শত্রুতার জেরে গত ২১ মার্চ গ্রেফতার আসামিসহ আরও ৩০-৩৫ জন আলমগীরকে লোহার রড দিয়ে এলোপাতাড়ি পিটিয়ে ও ধারালো চাকু দিয়ে কুপিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।

পরে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ তাকে উদ্ধার করে ভিক্টোরিয়া হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। পরে ভিকটিমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করলে তিনি সেখানে চিকিৎসাধীন মারা যান।

গ্রেফতার আসামিদের ফতুল্লা থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।

ইত্তেফাক/এসজেড