প্রধানমন্ত্রীর কল্যাণে শিবচরে স্বাস্থ্যসেবায় ব্যাপক পরিবর্তন এসেছে: চিফ হুইপ

আপডেট : ০১ এপ্রিল ২০২২, ১৭:৩৫

বাংলাদেশ জাতীয় সংসদের চিফ হুইপ ও মাদারীপুর-১ (শিবচর) আসনের সংসদ সদস্য নূর-ই-আলম চৌধুরী লিটন বলেছেন, মাননীয় প্রধানমন্ত্রী বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার কারণে আজকে শিবচরে স্বাস্থ্যসেবার ক্ষেত্রে ব্যাপক পরিবর্তন এসেছে। ইতোমধ্যেই আমরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ১শ বেডে উন্নীত করে কাজ শুরু করেছি। আমরা এখানে ৩টি মা ও শিশু কল্যাণ কেন্দ্রের কাজ শেষ করেছি। আরেকটির কাজ শুরু করবো। 

শুক্রবার (১ এপ্রিল) সকালে শিবচর পৌরসভার লিটন চৌধুরী স্কয়ারের সামনে অবস্থিত ডায়বেটিস সমিতির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। 

চিফ হুইপ তার বক্তব্যে আরও বলেন, শিবচরে ট্রমা হাসপাতাল অল্পদিনের মধ্যেই উদ্বোধন করবো। আরেকটি জেনারেল হাসপাতাল আমাদের অনুমোদন হয়েছে। এখানে আইএইচটি প্রকল্প অনুমোদন হয়েছে। যেটা অল্প সময়ের মধ্যে কাজ শেষ করে উদ্বোধন করা হবে। পদ্মাসেতু বাস্তবায়নের সাথে সাথেই পদ্মাপাড়ে আধুনিক স্বাস্থ্য ও শিক্ষানগরী গড়ে তোলা হচ্ছে। এ এলাকায় একটি ম্যাটসের অনুমোদন হয়েছে, সেটার জন্য আমরা জমি অধিগ্রহণ করছি। নার্সিং ইনস্টিটিউটের কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। 

শিবচর ডায়বেটিস সমিতির প্রতিষ্ঠাতা সভাপতি রাজিয়া চৌধুরী মিতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরীর স্ত্রী জিনাত পারভীন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৪ আসনের দুইবারের সফল সংসদ সদস্য ও বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন, জাতীয় নদীরক্ষা কমিশনের চেয়ারম্যান ড. মনজুর এ চৌধুরী, জেলা পরিষদের চেয়ারম্যান মুনীর চৌধুরী, ড্রাগ ইন্টারন্যাশনালের ডাইরেক্টর (অপারেশন) আনোয়ারা হোসেন নিপা। এছাড়াও জাতীয় শিশু হসপিটালে পরিচালক ডা. জাহাঙ্গীর আলম, ডা. তৈয়ব, ডা. বাদল, ডা. রাজিব, ফিরোজ কবির চৌধুরী, উপজেলা চেয়ারম্যান আ. লতিফ মোল্লা, শিবচর উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শাহজাহান মোল্লা, সাধারণ সম্পাদক ডা. মো. সেলিম, পৌরসভা আওয়ামী লীগের সভাপতি তোফাজ্জেল হোসেন খান তোতাসহ আরও অনেকেই। জেলা- উপজেলা আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী লিটনের পরিবারবর্গ উপস্থিত ছিলেন। 

ইত্তেফাক/এমএএম