তাহলে কী বাতিল হচ্ছে স্মিথের অস্কার?

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ০৩:৪৪

৯৪তম অস্কার মঞ্চে সঞ্চালক মার্কিন কমেডিয়ান ক্রিস রককে চড় কষেন অস্কারজয়ী অভিনেতা উইল স্মিথ। অনাকাঙ্ক্ষিত এই ঘটনার আকস্মিকতায় হতবাক হয়ে পড়েন অস্কার অনুষ্ঠানে উপস্থিত অতিথিসহ পুরো বিশ্বের সিনেপ্রমীরা। পৃথিবীর বিভিন্ন দেশের তারকারা নানা প্রতিক্রিয়া ব্যক্ত করা শুরু করেন। যার রেশ এখনও কাটেনি। এবার ঘটনাটি ভিন্ন দিকে মোড় নিচ্ছে। ঘটনাটি নিয়ে এরইমধ্যে তদন্ত শুরু করেছে অস্কার কতৃ‌র্পক্ষ। শাস্তি হিসেবে উইল স্মিথের অস্কার বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে।—সম্প্রতি এমনটাই জানিয়েছে অস্কার কতৃ‌র্পক্ষ।

তারা এক বিবৃতিতে জানিয়েছে, চড় মারার পরই অনুষ্ঠান ছেড়ে বেরিয়ে যেতে বলা হয়েছিল স্মিথকে। কিন্তু তিনি যাননি। অস্কার কর্তৃপক্ষের অনুরোধ সত্ত্বেও এক রকম জোর করেই থেকে গিয়েছিলেন অনুষ্ঠানস্হলে। স্মিথ বের হয়ে গেলে তারাও ঘটনাটিকে একটু অন্যভাবে সামাল দিতে পারতো। শেষ পর্যন্ত তা না হওয়ায় সঞ্চালক ক্রিস রকের কাছে আনুষ্ঠানিকভাবে দুঃখপ্রকাশও করেছে একাডেমি।

জানিয়েছে, শিগগিরই অভিনেতা স্মিথের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্হা নিতে চলছে তারা। এদিকে অস্কার প্রযোজক উইল পাকার জানিয়েছেন, ঘটনার সময় যদি রক অভিযোগ করতেন তাহলে লস অ্যাঞ্জেলস পুলিশ ডিপার্টমেন্ট স্মিথকে গ্রেফতার করতেন। এমনকি এখনও রক চাইলে গ্রেফতার হতে পারেন স্মিথ।

অন্যদিকে একাডেমি বিবৃতিতে আরও জানিয়েছে, স্মিথের বিরুদ্ধে শৃঙ্খলাভঙ্গের অভিযোগে পদক্ষেপ প্রক্রিয়া চলমান। আগামী ১৮ এপ্রিল একাডেমির বোর্ডের বৈঠক বসতে চলেছে। সেদিনই স্মিথের শাস্তি ঘোষণা হওয়ার সম্ভাবনা রয়েছে। সেই লক্ষ্যে এরইমধ্যে স্মিথের সঙ্গে জুম মিটিং করেছে একাডেমি কতৃ‌র্পক্ষ। এ সময় তারা স্মিথের কাছে এমন একটি ঘটনা জন্ম দেওয়ার কারণ জানতে চান। প্রায় ৩০ মিনিটের এই মিটিংয়ে ঘটনা সম্পর্কিত নানা দিক নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

কর্তৃপক্ষ জানিয়েছে, অভিনেতা একাডেমির আচরণ সংক্রান্ত নিয়ম-নীতি ভেঙেছেন। আর এতে করে তার অস্কার ছিনিয়ে নেওয়া হতে পারে। স্মিথের বিরুদ্ধে অভব্য আচরণ, শারীরিক নিগ্রহ, প্রকাশ্যে হুমকি এবং অ্যাকাডেমির ভাবমূর্তি নষ্ট করার অভিযোগে আনা হয়েছে। এগুলো অভিযোগ প্রমাণ হলে স্মিথকে বহিষ্কার করা হতে পারে। এমনকি হলিউডের অভিনেতা হিসেবে তার প্রাপ্য বিশেষ সুযোগ-সুবিধাতেও টানা হতে পারে লাগাম।

ছবি: সংগৃহীত

তবে এরইমধ্যে অনাকাঙ্ক্ষিত এই ঘটনার জন্য ক্রিস রকের পাশাপাশি মনোনীত অতিথি ও দর্শকদের কাছে প্রকাশ্যে ক্ষমাও চেয়েছেন স্মিথ। অন্যদিকে এতদিন মুখে কুঁলুপ এঁটে থাকলেও সম্প্রতি বিষয়টি নিয়ে কথা বলেছেন রক। তিনি বলেন ‘যা ঘটে গেছে, তা আমি এখনও বোঝার চেষ্টা করছি। এক পর্যায়ে আমি এটি সম্পর্কে কথা বলবো। এটা (তার বক্তব্য) গুরুতর এবং এটা মজার হবে।’

এদিকে হলিউড অভিনেতা-অভিনেত্রী থেকে শুরু অনেকেই চাইছেন স্মিথের এমন কাণ্ডের যথাযথ শাস্তি হিসেবে তার পুরস্কার বাতিল করা হোক। এখন দেখার বিষয় ১৮ এপ্রিল কী ঘটে স্মিথের ভাগ্যে।

ইত্তেফাক/বিএএফ