চাঁদপুরের মতলব উত্তর উপজেলার পূর্ব ষাটনল গ্রামে ধানক্ষেত থেকে সোহেল রানা (২৫) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।শনিবার (২ এপ্রিল) সকাল ১০ টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শাহজাহান কামাল।
নিহত সোহেল ওই গ্রামের নুরুল হক পাঠান ও রোকেয়া বেগমের ছেলে।
নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা যায়, সোহেল প্রবাস থেকে এসে স্থানীয় কুনু মার্কেটে রুহুল আমিনের দোকানে দর্জি কাজ করতো। প্রতিদিনের ন্যায় গত ১ এপ্রিল রাত ১০ টায় বাড়ির উদ্দেশ্যে চলে যায়। পরে সে আর রাতে বাড়িতে ফেরেনি। সকাল ৯ টার দিকে রোকেয়া বেগম তার স্বামী অর্থাৎ সোহেলের বাবার কবরের কাছে গিয়ে ধানক্ষেতে তার লাশ দেখতে পান। রোকেয়া বেগমের ডাকচিৎকারে আশপাশের লোকজন এগিয়ে আসে। পরে থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে। ঘটনার পর এখনও কাউকে আটক করতে পারেনি পুলিশ।
ওসি মুহাম্মদ শাহজাহান কামাল বলেন, খবর পেয়ে আমরা লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুরে পাঠিয়েছি। হত্যা মামলা প্রক্রিয়াধীন আছে। তিনি আরও বলেন, এটা একটা হত্যাকাণ্ড বলে আমরা ধারণা করছি। দুই চোখে জখমের চিহ্ন পাওয়া গেছে। তবে পোস্টমর্টেম রিপোর্ট আসলে সত্যতা বেরিয়ে আসবে এবং পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের মাধ্যমে দোষীদের আটক করা হবে।
এসময় ঘটনাস্থল পরিদর্শন করেন, অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মঈনুল হোসেন, সহকারী পুলিশ সুপার (মতলব সার্কেল) ইয়াসির আরাফাত, মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাসুদ।
