মাতারবাড়িতে টাগশিপ ডুবি, চীনা নাগরিকের লাশ উদ্ধার

আপডেট : ০২ এপ্রিল ২০২২, ১৬:২৮

কক্সবাজারের মহেশখালীর মাতারবাড়ি বন্দর চ্যানেলের মুখে টাগশিপ ডুবির ঘটনায় নিখোঁজ চীনা নাগরিকের মৃতদেহ উদ্ধার করেছে কোস্টগার্ড। 

শনিবার (২ এপ্রিল) বেলা ১টার দিকে নির্মিতব্য মাতারবাড়ি কয়লা বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প সংলগ্ন চ্যানেলের মুখ থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

নিহত চীনা নাগরিকের নাম জিয়াং হং চেন। তিনি মাতারবাড়ি সমুদ্রবন্দরের নির্মাণকাজে কর্মরত ছিলেন।

কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার আব্দুর রহমান জানান, গেল ৩১ মার্চ দুপুরে মাতারবাড়ি কয়লা বিদ্যুৎকেন্দ্র সংলগ্ন চ্যানেলের মুখে টাগশীপ ডুবির ঘটনা ঘটে। এরপর থেকে নিখোঁজ ছিলেন চীনা নাগরিক জিয়াং। দীর্ঘ উদ্ধার তৎপরতার পর শনিবার দুপুরে মরদেহ উদ্ধার করে কোস্টগার্ডের ডুবরিরা। 

মহেশখালী থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আশিক ইকবাল বলেন, মরদেহ উদ্ধারের খবরে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। লিখিতভাবে বন্দর কর্তৃপক্ষ জানালে ময়নাতদন্তের ব্যবস্থা করবে পুলিশ। 

ইত্তেফাক/এমএএম