ভবিষ্যৎ প্রজন্মের হাত ধরে টেকসই উন্নয়ন এবং সবুজ পৃথিবী গড়ার প্রত্যয় নিয়ে ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশ (আইইউবি) ক্যাম্পাসে 'গ্রিন জিনিয়াস' নামক ব্যতিকর্মী এক আয়োজন অনুষ্ঠিত হয়েছে।
বিশ্ববিদ্যালয়টির পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগ এবং গ্রিন প্ল্যানেট ক্লাব যৌথভাবে তৃতীয়বারের মতো এই অনুষ্ঠানটি আয়োজন করে।
রবিবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের মিলনায়তনে প্রতিযোগিতার পুরস্কার বিতরণী ও সমাপণী উৎসব অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অংশগ্রহণকারী, বিশ্ববিদ্যালয়ের অন্যান্য শিক্ষার্থী, ক্লাব সদস্য, অভিভাবক, আয়োজক কমিটি এবং বিশিষ্ট অতিথিদের উপস্থিতিতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান এবং সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নোভেলটি ইনফ্রাস্ট্রাকচার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ইন্তেখাব আলম। স্বাগত বক্তব্য দেন আইইউবি-এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান ড. কে. আয়াজ রাব্বানী।
২০১৭ এবং ২০১৯ সালে গ্রীন জিনিয়াসের দুটি সফল আসরের পর, এই বছর দেশ এবং দেশের সীমানা ছাড়িয়ে ৫০টিরও বেশি স্কুল, কলেজ এবং বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪০০ জন প্রতিযোগী তিনটি বিভাগে অংশগ্রহণ করে। দারুণ সব আইডিয়ার মধ্যে থেকে স্কুল-কলেজ বিভাগ থেকে মোট ২৮ জন শিক্ষার্থী এবং বিশ্ববিদ্যালয়ের বিভাগ থেকে ৩২ জন শিক্ষার্থী প্রতিযোগিতার পরবর্তী ধাপের জন্য নির্বাচিত হয়। নির্বাচিত অংশগ্রহণকারীরা সিম্পোজিয়াম রাউন্ডে পোস্টার প্রদর্শনীর মাধ্যমে তাদের ধারণা উপস্থাপন করে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, বিভিন্ন প্রতিষ্ঠান থেকে আমন্ত্রিত বিচারকগণ প্রতিযোগীদের প্রদর্শিত প্রতিটি আইডিয়া মূল্যায়নের মাধ্যমে গ্রিন জিনিয়াস এর তৃতীয় আসরের বিজয়ীদের বেছে নেন।
গ্রীন জিনিয়াস সিজন-৩ এর স্কুল অ্যান্ড কলেজ ক্যাটাগরিতে বিজয়ী হয়েছেন আদমজী ক্যান্টনমেন্ট কলেজ থেকে মো. মহিউদ্দিন সৌরভ। বিশ্ববিদ্যালয় ক্যাটিগরিতে বিজয়ী হয়েছেন খুলনা বিশ্ববিদ্যালয় ব্যবসা প্রশাসন ডিসিপ্লিনের রিশান আহমেদ। স্কুল এবং কলেজ ক্যাটাগরিতে দ্বিতীয় স্থান অর্জন করেছে স্কলাস্টিকা স্কুলের জায়না ফারিন শাহেদ এবং তৃতীয় পুরস্কার বিজয়ী হয়েছে ঢাকা কলেজ থেকে ইয়াফাস ইউশা।
নর্থ সাউথ ইউনিভার্সিটির শিক্ষার্থী মোহাম্মদ যায়েদ ইকবাল খান বিশ্ববিদ্যালয় ক্যাটাগরিতে দ্বিতীয় এবং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের শিক্ষার্থী তন্ময় দাস তৃতীয় স্থান অর্জন করেছেন। এছাড়াও আফ্রিকান লিডারশীপ ইউনিভার্সিটি, রোয়ান্ডা থেকে আরুনা বাঙ্গুরা আন্তর্জাতিক অংশগ্রহণকারী হিসেবে বিশেষ সম্মাননা লাভ করেন।
বেলার প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসান তাঁর বক্তব্যে পরিবেশ সংরক্ষণে তরুণদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। পরিবেশের সাথে সামঞ্জস্যপূর্ণ টেকসই উন্নয়নে ভূমিকা রাখার জন্য গ্রিন প্ল্যানেট ক্লাব এবং আইইউবি এর পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগকে ধন্যবাদ জানান। আইইউবি’র উপ-উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমেদ খান তার বক্তব্যে আয়োজক দলের স্বেচ্ছাসেবী ভূমিকা পালনের প্রশংসা করেন। গ্রিন প্ল্যানেট ক্লাব এর ক্লাব উপদেষ্টা এবং পরিবেশ বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিভাগের সিনিয়র লেকচারার মো. ইখতেখারুল ইসলাম অনুষ্ঠানে সমাপণী বক্তব্য দেন।
