সদর উপজেলার বিভিন্ন এলাকায় ডায়রিয়ায় আক্রান্তের সংখ্যা দিন দিন বেড়েই চলছে। শনিবার দুপুর পর্যন্ত সদর হাসপাতালে ৪৫ জন ডায়রিয়ায় আক্রান্ত রোগী ভর্তি রয়েছে। গত তিন দিনে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে। শয্যার অভাবে হাসপাতালের মেঝেতে শুয়ে রোগীরা চিকিৎসা নিচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জেলা সদর হাসপাতালে ডায়রিয়া ওয়ার্ডে আসন (সিট) রয়েছে মাত্র ছয়টি। গতকাল শনিবার দুপুর পর্যন্ত ভর্তি হওয়া ডায়রিয়া রোগীর সংখ্যা ৪৫ জন। শুক্রবার রাত পর্যন্ত রোগী ছিল ৩১ জন। গত তিন দিনে সদর হাসপাতালে দুই শতাধিক রোগী ভর্তি হয়েছে।
হাসপাতালে ডায়রিয়া নিয়ে ভর্তি হওয়ায় একাধিক ব্যক্তি জানান, সিটের অভাবে তাদের মেঝেতে থেকে চিকিত্সা নিতে হচ্ছে। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা জানান, প্রয়োজনীয় ওষুধ হাসপাতাল থেকেই দেওয়া হচ্ছে।
সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা. মো. নুরুল ইসলাম জানান, মাদারীপুরে ডায়রিয়ায় আক্রান্তর সংখ্যা বেড়েই চলছে। শনিবার দুপুর পর্যন্ত হাসপাতালে প্রায় ৪৫ জন ভর্তি রয়েছে। হাসপাতালে বর্তমানে স্যালাইনসহ অন্য ওষুধের কোনো অভাব নেই। ডায়রিয়া ওয়ার্ডে বেড রয়েছে মাত্র ছয়টি। ফলে অতিরিক্ত রোগীদের বাধ্য হয়েই মেঝেতে থাকতে হচ্ছে।
