প্রখ্যাত নাট্যকার মাসুম রেজার রচনা ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাটক ও নাট্যতত্ত্ব বিভাগের প্রভাষক ফাহিম মালেক ইভানের নির্দেশনায় জামালপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘হীরাবলি’ নাটকের প্রথম প্রদর্শনী অনুষ্ঠিত হবে ৯ জুন রবিবার। নাটকটির প্রযোজনা করেছে জামালপুরের নাট্যদল ‘থিয়েটার অঙ্গন’।
এ বিষয়ে এক ফেসবুক পোস্টে নাটকটির রচয়িতা মাসুম রেজা লিখেছেন, ‘‘দু’একটা বড় শহর ছাড়া মফস্বলে মঞ্চনাটক তেমন হচ্ছে না...। এ নিয়ে মনোকষ্টে ভুগি, সাথে কিছু করার চেষ্টাও করি। আগামী ৯ জুন রবিবার ‘হীরাবলি’ দেখতে জামালপুর যাবো.. ‘হীরাবলি’র জন্য শুভকামনা...।’’

নির্দেশক ফাহিম মালেক ইভান বলেন, ‘হীরাবলি একটি সাধারণ মেয়ের অসহায়ত্বের গল্প। আমাদের সমাজে সাধারণত মেয়েদের সিদ্ধান্ত দেয়ার অধিকার থাকে না। প্রথমে বাবার সংসারে, পরে স্বামীর সংসারে, এরপর সন্তানদের সংসারেও তার জীবন পরিচালিত হয় অন্যের ইচ্ছায়। এসব নিয়েই আবর্তিত হয়েছে হীরাবলির গল্প।’

দীর্ঘ বিরতির পর ‘থিয়েটার অঙ্গন’ নতুন নাটক আনছে। ‘হীরাবলি’র বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন ফাহিম মালেক ইভান, বিপাশা, রবিন, শান্ত, সীমান্ত, আল আমিন, বৃষ্টি ও নিসা। আলোক পরিকল্পনায় আছেন শাহীন রহমান।
নির্দেশক আরো বলেন, হীরাবলি নাটকটি মানুষের চেতনায় ও বোধে কিছুটা হলেও নাড়া দেবে।
ইত্তেফাক/এএম
