শুরু হয়েছে পবিত্র রমজান। ইবাদত ও সংযমের এই মাস মুসলমানদের জন্য আল্লাহ্র নৈকট্য লাভের মোক্ষম সময়। একইসঙ্গে মানুষের প্রতি ভালোবাসা ও মানবিকতা ছড়িয়ে দেওয়ারও সুবর্ণ সময় এই রমজান।
রবিবার (৩ এপ্রিল) সকালে কিছু ছবিতে ধরা পড়লেন সময়ের অন্যতম সফল টিভি নায়ক জিয়াউল ফারুক অপূর্ব। যে ছবিতে দেখা গেছে, রাস্তায় পড়ে থাকা দুস্থ ও ছিন্নমূল মানুষদের সেহরি বিলাচ্ছেন আর মাদ্রাসার এতিম শিশুদের সঙ্গে বসে সেহরি করছেন।
খোঁজ নিয়ে জানা গেছে, রাজধানীর বিমানবন্দর সংলগ্ন কাওলা এলাকার একটি মাদ্রাসার প্রায় ১৫০ এতিম শিশুর সঙ্গে বসে রোজার প্রথম সেহরি করেছেন ‘বড় ছেলে’ অপূর্ব। পথিমধ্যে অসহায় মানুষদেরও সেহরির খাবার দিয়েছেন।
বিশেষ করে সেহরির আগে ওই মাদ্রাসায় অপূর্বর উপস্থিতিতে বিস্মিত হন সেখানকার শিক্ষক ও শিক্ষার্থীরা। পরে তাদের সঙ্গে বসে প্রথম রমজানের সেহরি খান। অপূর্বর এমন উদ্যোগের কিছু স্থিরচিত্র সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এটির সূত্র ধরে ভক্তদের প্রশংসা ও শুভ কামনায় ভাসছেন বাংলা নাটকের এই রোমান্টিক হিরো।
গত বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে গিয়েছিলেন অপূর্ব। সেখানে তার স্ত্রী শাম্মা দেওয়ান বসবাস করেন। স্ত্রীর সঙ্গে প্রায় তিন মাস অবকাশ যাপনের পর ফেব্রুয়ারির শেষ সপ্তাহে দেশে ফেরেন। এরপর মার্চে দাঁড়ান ক্যামেরার সামনে। সম্প্রতি অপূর্বকে দেখা গেছে ‘নিহত নক্ষত্র’ নামের একটি নাটকে। সঞ্জয় সমাদ্দার পরিচালিত নাটকটিতে তার অভিনয় দারুণ প্রশংসা পেয়েছে।

আলমগীরের জন্মদিনে যা বললেন ঋতুপর্ণা