রাঙ্গামাটিতে পাহাড় কেটে ভবন নির্মাণ করতে গিয়ে ধস, ৩ শ্রমিক নিহত

আপডেট : ০২ জুন ২০১৯, ১৭:২৯

 

রাঙ্গামাটিতে পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের নির্মাণ কাজ করতে গিয়ে তিনজন নির্মাণ শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন অপর দুই শ্রমিক। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয় লোকজন উদ্ধার অভিযান চালিয়ে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আজ রবিবার দুপুরে রাঙ্গামাটি মহিলা কলেজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সেন্টু মিয়া (৪০), আঙ্গুর আলী (৬৫), পাপ্পু (৪০)। আহতরা হলেন সবুজ মিয়া ও সাইফুল ইসলাম। হতাহতদের উদ্ধার করে রাঙ্গামাটি হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা ও স্থানীয় পৌর কমিশনার আব্দুল করিম জানান, কাপ্তাই হ্রদ দখল করে বহুতল ভবন নির্মাণ করছিলেন স্কুল শিক্ষিকা পারভিন। আজ দুপুর নাগাদ নির্মাণ শ্রমিকরা যখন কাজ করছিলো ঠিক তখনই উপর থেকে বিকট শব্দে তার বাড়ির মাটি ভেঙ্গে পড়ে। এ সময় নির্মাণ কাজের জন্য বেইজ খোড়ার কাজে জড়িত ১১ জন শ্রমিক জড়িত ছিলেন। উপর থেকে যখন মাটি ভেঙ্গে পড়ে ঠিক তখনই বাকিরা সরে গেলেও ৫ জন মাটি চাপায় পড়েন। একজনের মাথা কোনো রকম উপরে থাকলেও বাকি ৩ জন মাটির নিচে পড়ে যান। পরে স্থানীয় লোকজন ফায়ার সার্ভিস ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থলে এসে মাটি খুুঁড়ে প্রথম আহত সবুজ মিয়া ও সাইফুল ইসলামকে উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে পাঠান। প্রায় ১ ঘণ্টা চেষ্টা চালিয়ে নিহত সেন্টু মিয়া, আঙ্গুর আলী, পাপ্পুকে উদ্ধার করে হাসপাতালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত্যু বলে ঘোষণা করেন। 

রাঙ্গামাটি কোতয়ালী থানার ওসি জাহিদুল হক রনি জানান, আজ দুপুরে রাঙ্গমাটি সরকারি মহিলা কলেজ এলাকায় পাহাড়ের মাটি কেটে পাকা ভবনের কাজ করতে গিয়ে নির্মাণ শ্রমিকরা মাটি চাপা পড়েন।  পরে উদ্ধার তৎপরতা চালিয়ে তিনজনকে মৃত অবস্থায় ও ২ জনকে আহত অবস্থায় উদ্ধার করা হয়। 

এদিকে, রাঙ্গামাটি জেলা প্রশাসক এ কে এম মামুনুর রশীদ ঘটনাস্থল পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি নির্মাণ কাজের সঙ্গে জড়িত বাড়ির মালিকের বিরুদ্ধে হত্যা মামলা করার নির্দেশ দেন। তিনি বলেন, রাঙ্গামাটির সর্বত্র এভাবে যদি কাপ্তাই হ্রদ দখল হয় তাহলে প্রশাসন কী করবে।প্রশাসন যেটুকু খবর পাচ্ছে তাতে উচ্ছেদ অভিযান চালাচ্ছে। 

আরও পড়ুন:  সুবিধাবঞ্চিত শিশুদের পাশে মিডিয়া মিউজিয়াম ইয়ুথ ক্লাব

তিনি বলেন, রাঙ্গামাটি পৌরসভার গাফিলতির কারণে এই ভাবে হৃদ দখল হচ্ছে। পৌরসভার কাউন্সিলররা কী করছেন। তারা কোনো খবর রাখেন না কেন। আমাদেরকে শুধু সাংবাদিকরা যে তথ্য দিচ্ছেন তা দিয়েই আমরা অভিযান চালাচ্ছি। এই ভাবে যদি রাঙ্গামাটি সব জনগণ আমাদেরকে তথ্য দিয়ে সহযোগিতা করতেন তাহলে আমাদের অভিযান পরিচালনা করতে সহজ হতো।

উল্লেখ্য, ২০১৬ সালের ৩ অক্টোবর রাঙ্গামাটিতে মহিলা কলেজ এলাকায়  দ্বিতল ভবনে ধসের ঘটনায় ৫ জনের মৃত্যুর ঘটনা ঘটে।

ইত্তেফাক/কেকে/জেডএইচডি