তালায় শখের বাগান পূরণ করছে পুষ্টির চাহিদা। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, তালা উপজেলার বসতবাড়ির প্রতি ইঞ্চি জমিতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর পারিবারিক পুষ্টিবাগান স্থাপন প্রকল্পের কার্যক্রম শুরু করেছে।
এ প্রকল্পের আওতায় উপজেলা জুড়ে ৩৬ ব্লকে প্রতি ইউনিয়নে ১০০ পারিবারিক সবজি পুষ্টিবাগান করার সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এরই ধারাবাহিকতায় কৃষকদের মধ্যে বিনা মূল্যে সার, বীজসহ বিভিন্ন ধরনের প্রশিক্ষণ প্রদান অব্যাহত আছে।
স্যাঁতসেঁতে ছায়াযুক্ত প্রতি ইঞ্চি অব্যবহৃত ও অনাবাদি জমিতে শাকসবজি ও ফলমূল উৎপাদন করা হচ্ছে। এতে মানুষের পুষ্টিহীনতা দূর হওয়ার পাশাপাশি খাদ্য-নিরাপত্তাও নিশ্চিত হবে।
তালা সদর ইউনিয়নের আগোলঝাড়া গ্রামের মো. নজরুল ইসলাম ও হেনা খাতুন জানান, উপজেলা কৃষি অফিসের আঙিনায় পারিবারিক সবজি পুষ্টির বাগান করতে সার, বীজ ও সহযোগিতা পেয়ে এই সবজি চাষ করেছেন। খুব ভালো সবজি হয়েছে। আগামী দিনে এ পদ্ধতিতে তারা কৃষি জমিতে সবজি চাষ করবেন বলে জানান।
তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, মুজিববর্ষ উপলক্ষে বাড়ির আঙিনায় প্রতি ইঞ্চি জমিতে পুষ্টিবাগান স্থাপন করা প্রকল্প গ্রহণ করা হয়েছে। এতে করে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের পারিবারিক সচ্ছলতা ও দৈনন্দিন পুষ্টি চাহিদা মেটাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
