অজুহাত না দিয়ে দায় স্বীকার করলেন মুমিনুল

আপডেট : ০৪ এপ্রিল ২০২২, ১৬:২৫

ডারবান টেস্টের দ্বিতীয় ইনিংসে মাত্র ৫৩ রানে গুটিয়ে গিয়েছে বাংলাদেশ। এটি টেস্ট ক্রিকেটে টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন স্কোর। ২২০ রানের বড় ব্যবধানে জয় পেয়েছেন দক্ষিণ আফ্রিকা। তাইতো কোনো অজুহাত না দিয়ে সরাসরি দায় নিয়ে ব্যাটিং ব্যর্থতাকে দুষলেন অধিনায়ক মুমিনুল হক।

সোমবার (৪ এপ্রিল) ম্যাচশেষে সাংবাদিকদের কাছে মুমিনুল হক বলেন, ‘আমরা বলের মেরিট অনুসারে খেলার চেষ্টা করেছিলাম এবং চেয়েছিলাম শেষ সেশন পর্যন্ত খেলতে। দূর্ভাগ্যবশত, গতকাল বিকেলেই আমরা তিন উইকেট হারিয়েছিলাম। যেটা খুবই গুরুত্বপূর্ণ ছিল। আমরা স্পিন খেলতে অভ্যস্ত এবং এটাও জানি ডারবানে তৃতীয়-চতুর্থ দিন থেকেই স্পিন হওয়া শুরু করে। আমরা ব্যাট হাতে ভালো করতে পারিনি।’

অনেক আলগা শট খেলেছেন স্বীকার করে তিনি বলেন, ‘আমরা অনেক আলগা শট খেলেছি। প্রথম ইনিংসে ভালো করেছিলাম, আমাদের বোলাররা দুই ইনিংসেই ভালো করেছে। গত দুই টেস্টেই আমাদের পেস বোলিং বিভাগ ভালো করছে।’

এ সময় সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেন টাইগার দলপতি। মুমিনুল বলেন, ‘আমাদের হাতে একটি ম্যাচ আছে, শক্তভাবে ঘুরে দাঁড়াতে হবে। আমরা সুযোগগুলো কাজে লাগাতে চেষ্টা করবো, নতুনদের জন্য নিজেদের প্রতিভা দেখানোর ভালো সুযোগ হবে এটি।’

আগামী ৮ এপ্রিল থেকে পোর্ট এলিজাবেথে শুরু হবে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট।

ইত্তেফাক/ টিএ