ভারতের জম্মু কাশ্মিরের শ্রীনগরে সোমবার (৪ এপ্রিল) সন্ত্রাসী হামলার ঘটনা ঘটেছে। এতে দেশটির আধাসামরিক বাহিনী সিআরপিএফের এক জওয়ান নিহত হয়েছে, আহত হয়েছে আরও একজন। ভারতীয় সংবাদ মাধ্যমে এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
খবরে বলা হয়েছে, আহত নিরাপত্তা কর্মীকে শ্রীনগরের শ্রী মহারাজ হরি সিং হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে, সন্ত্রাসীরা নিরাপত্তা বাহিনীর একটি যৌথ চেক পয়েন্টে হামলা চালায়। হামলায় পর সন্ত্রাসীরা পালাতে সক্ষম হয়েছে।
দেশটির কর্মকর্তারা বলেন, অঞ্চলটি ঘিরে রাখা হয়েছে এবং সন্ত্রাসীদের গ্রেফতারে অভিযান শুরু হয়েছে। এর আগে আজ সকালে পুলওয়ামা জেলায় স্থানীয় দুই শ্রমিকের ওপর হামলা চালিয়েছে সন্ত্রাসীরা।
