ভয়াবহ অর্থনৈতিক সংকটে পড়েছে শ্রীলঙ্কা। যা মোকাবিলা করতে জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠনের আহ্বান জানিয়েছিলেন শ্রীলঙ্কার প্রেসিডেন্ট গোটাবায়ে রাজাপাকসে। কিন্তু সেই প্রস্তাবে সাড়া দেয়নি বিরোধীরা। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।
প্রতিবেদনে বলা হয়, শ্রীলঙ্কার চলমান সংকট মোকাবিলায় জাতীয় ঐক্যের ভিত্তিতে সরকার গঠন না করে বর্তমান সরকার প্রধানের পদত্যাগ চাইছেন বিরোধীরা।
সোমবার (৪ এপ্রিল) সকালে গোটাবায়ে রাজাপাকসের মিডিয়া অফিস এক বিবৃতিতে জানায়, জাতীয় প্রয়োজনেই ঐক্যের সরকার প্রয়োজন। সময় এসেছে দেশের সব নাগরিক ও ভবিষৎ প্রজন্মের জন্য এক হয়ে কাজ করার।
তবে এই প্রস্তাব প্রত্যাখ্যান করে বামপন্থী পিপলস লিবারেশন ফ্রন্ট (জেভিপি) ও সামাগি জনা বালাওয়েগা (এসজেবি) দল দুটি। দলের সদস্যরা গোটাবায়ে রাজাপাকসে এবং তার একসময়ের জনপ্রিয় ও প্রভাবশালী পরিবারের অন্যদেরও অবিলম্বে পদত্যাগ করার আহ্বান জানিয়েছেন।
