ইউক্রেনের রাজধানী কিয়েভের পাশেই অবস্থিত বুচা শহরে বর্বরতা চালানোর অভিযোগ উঠেছে রাশিয়ার বিরুদ্ধে। এর প্রতিবাদস্বরূপ ৪০ রুশ কূটনীতিককে বহিষ্কার করেছে জার্মানি। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ডয়েচে ভেলে।
রুশ দূতাবাস নিশ্চিত করেছে, জার্মানিতে রাশিয়ার কূটনৈতিক মিশনের ৪০ সদস্যকে সে দেশ ত্যাগ করতে বলা হয়েছে।
বার্লিনের সবশেষ এ পদক্ষেপের বিষয়ে প্রতিক্রিয়াও জানিয়েছে মস্কো। সোমবার (৪ এপ্রিল) মস্কোর পক্ষ থেকে বলা হয়, রুশ কূটনীতিক বহিষ্কারের যে সিদ্ধান্ত জার্মানি নিয়েছে, তা বন্ধুসুলভ নয়। জার্মানির এ সিদ্ধান্ত বার্লিনের সঙ্গে মস্কোর সম্পর্ককে খারাপ করবে।
ইউক্রেনে মস্কোর আগ্রাসনের বিরুদ্ধে ইউরোপীয় দেশগুলো তীব্র ক্ষোভ জানিয়েছে আসছে। সবশেষ ইউক্রেনের রাজধানী কিয়েভের নিকটবর্তী বুচা শহরে বেসামরিক লোকজনের লাশ ও গণকবরের সন্ধান পাওয়ার পর এ ক্ষোভ আরও বেড়েছে। বিষয়টিকে রুশ বাহিনীর ‘যুদ্ধাপরাধ’ হিসেবে দেখছে ইউক্রেনসহ পশ্চিমা দেশগুলো। এমন প্রেক্ষাপটে রুশ কূটনীতিকদের বহিষ্কারের ঘোষণা দিল বার্লিন।
এদিকে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন বলেন, বুচায় যা ঘটছে সেটি ভয়ানক, আপনারা তা দেখেছেন। রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নৃশংস।
তিনি বলেন, আমি মনে করি বুচায় যা ঘটেছে তা যুদ্ধাপরাধ। পুতিনকে এজন্য জবাবদিহি করা উচিত। এ সময় মার্কিন প্রেসিডেন্ট আরও জানান, তিনি রাশিয়ার ওপর আরও নিষেধাজ্ঞা দেওয়ার কথা ভাবছেন।
