পুলিশের ধাওয়া খেয়ে নদীতে ঝাঁপ অতঃপর মৃত্যু

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৬:৩৫

গাজীপুরের শ্রীপুর উপজেলার বরমী ইউনিয়নের বরামা জেলেপাড়া এলাকায় পুলিশের ধাওয়ায় শীতলক্ষ্যা নদীর বানার অংশে ঝাঁপিয়ে নিখোঁজ যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (৫ এপ্রিল) সকালে বরামা-সিংহশ্রী সেতুর পাশে মরদেহটি পাওয়া গেছে। রবিবার বিকেল থেকে ওই যুবক নিখোঁজ ছিলেন। নিহত মো. মামুন (২৪) ওই এলাকার মো. নূরুল ইসলামের ছেলে। 

স্থানীয় লোকজন জানান, মঙ্গলবার সকাল ৯টার দিকে ঘটনাস্থল থেকে দেড় কিলোমিটার দূরে বানার নদের বরামা-সিংহশ্রী সেতুর নিচে মরদেহ ভাসতে দেখেন তারা। এরপর পুলিশকে জানানো হয়। এর আগে রবিবার ও সোমবার সেতুর অদূরে জেলেপাড়া এলাকায় দফায় দফায় অনুসন্ধান চালায় ডুবুরি দল।

নিখোঁজ যুবকের বড় ভাই মাসুম মিয়া জানান, গত রবিবার বিকেলে একটি দোকান থেকে মামুন ইফতার সামগ্রী কিনে বাড়ি ফিরছিলেন। এসময় শ্রীপুর থানার সহকারী উপ-পরিদর্শক শাকীল আহমেদের নেতৃত্বে মোট চারজন সাদা পোশাকধারী এসে তাকে গ্রেফতার করে মারধর শুরু করেন। এক পর্যায়ে মামুন পাশের বানার নদীতে ঝাঁপ দিলে আর খোঁজ পাওয়া যায়নি। পরে ডুবুরি দলকে খবর দিলে ঘটনাস্থলে খোঁজাখুঁজি করেও মামুনের হদিস পায়নি। মাসুম দাবি করেন, ভুয়া তথ্যের ভিত্তিতে তার ভাইকে আটক করেছিল পুলিশ সদস্যরা।

শ্রীপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মাহফুজ ইমতিয়াজ ভূঁইয়া বলেন, মঙ্গলবার সকালে মরদেহ পাওয়া গেছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুরের শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

ইত্তেফাক/এমএএম