দামুড়হুদায় সড়ক দুর্ঘটনায় পুলিশ কনস্টেবল নিহত

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ১৯:৪৬

চুয়াডাঙ্গার দামুড়হুদায় লাটাহামবার-মোটরসাইকেল সংঘর্ষে মোটরসাইকেল চালক পুলিশ কনেস্টেবল আবুবকর সিদ্দিক (৫০) নিহত হয়েছে। নিহত আবুবকর কুষ্টিয়া, কুমারখালির গোবরা গ্রামের মৃত সিতাব আলির ছেলে ও দামুড়হুদার কার্পাসডাঙ্গা ফাঁড়ির কর্মরত পুলিশ কনস্টেবল। 

মঙ্গলবার (৫ এপ্রিল) ২ টার দিকে দামুড়হুদার পুড়াপাড়া রাজা ব্রিক্সের সামনে এই দুর্ঘটনা ঘটে। লাটাহাম্বার চালক রাজিবকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে পুলিশ কনস্টেবল আবুবকর চুয়াডাঙ্গা থেকে মোটরসাইকেল যোগে দামুড়হুদার দিকে আসছিল এসময় সে দামুড়হুদার পুড়াপাড়া রাজা ব্রিক্সের সামনে পৌঁছালে একই দিক থেকে আসা মহিষ বোঝাই লাটাহাম্বারের সাথে পিছন দিক থেকে ধাক্কা মারে এতে পুলিশ কনস্টেবল সড়কের উপর ছিটকে পড়ে মারাত্মক আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে হাসপাতালের কর্মরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে। খবর পেয়ে দামুড়হুদা মডেল থানা পুলিশ লাটাহামবার চালক চুয়াডাঙ্গার পিরোছ খালি গ্রামের কুরমান আলির ছেলে রাজিবকে আটক করেছে। 

দামুড়হুদা মডেল থানার অফিসার ইনচার্জ ফেরদৌস ওয়াহিদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, কনস্টেবল আবু বকররের মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে গ্রামের বাড়ি পাঠানো হবে।

ইত্তেফাক/এমএএম