রমজানে দুঃস্থ নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ বিদিশা-করভীর

আপডেট : ০৫ এপ্রিল ২০২২, ২১:৪৬

মাহে রমজান উপলক্ষে দুঃস্থ নারীদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ কর্মসূচি শুরু করেছেন ‘জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়া’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিদিশা এরশাদ এবং সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও সাংবাদিক-উপস্থাপিকা-অভিনেত্রী করভী মিজান।

মঙ্গলবার বিকালে রাজধানীর গুলশান-১ নম্বরে জাতীয় পার্টি পুনর্গঠন প্রক্রিয়ার চেয়ারম্যানের কার্যালয়ে তারা এই কর্মসূচি শুরু করেন। ‘স্বপ্ন’র সহযোগিতায় দেওয়া ইফতার সামগ্রীর মধ্যে রয়েছে- ১লিটার ভোজ্য তেল, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা ও সেমাই।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে বিদিশা এরশাদ বলেন, দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রেখে মানুষকে পবিত্র মাহে রমজানে ইবাদত করার সুযোগ দিন। রাষ্টের বৃত্তবান ব্যক্তিদেরকে সমাজের গরীব-দুঃস্থ মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি।

ছবি: সংগৃহীত

অনুষ্ঠানে সভাপতিত্বকারী করভী মিজান বলেন, রমজানের মধ্যে আমরা দুঃস্থ নারীদের সাহায্য করার একটা পরিকল্পনা নিয়েছি। প্রথম ধাপে আজ বেশকিছু নারীদের হাতে ইফতার সামগ্রী পৌঁছে দেওয়া হল। শুক্রবার নরসিংদীতেও ইফতার সামগ্রী বিতরণ করা হবে।

এছাড়া পর্যায়ক্রমে আমরা ভবিষ্যতে নারীদের জন্য বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়ন করতে যাচ্ছি। দয়াল কুমার বড়–য়া, এডভোকেট কাজী রুবায়েত হাসান, কর্ণেল (অব.) শাহজাহান সিরাজ, কর্নেল (অব.) হাবিবুল হাসান, মেজর (অব.) সিকদার আনিসুর রহমান, নাফিজ মাহবুব প্রমুখ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

ইত্তেফাক/বিএএফ