বাফুফের জন্য জমি খুঁজতে মন্ত্রণালয়ের কমিটি গঠন

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৩:০০

কক্সবাজারে দ্রুত জমি খুঁজে টেকনিক্যাল সেন্টার গড়তে চায় বাফুফে। এজন্য মন্ত্রণালয় হতে একটি কমিটি গঠন করা হয়েছে। পাঁচ সদস্যের কমিটিতে ভূমি মন্ত্রণালয়ের প্রতিনিধিও থাকবেন। দ্রুতই জমির খোঁজ দিতে হবে। না হালে ফিফার অনুদান ফিরে যেতে পারে এমন আশঙ্কা রয়েছে। ফিফা বাফুফেকে ৩ মিলিয়ন ডলার দেবে টেকনিক্যাল সেন্টার গড়ে তুলতে। এজন্য জমি দেখাতে হবে। কিন্তু বাফুফে সেই জমি দেখাতে পারেনি, ফিফার অর্থও পায়নি।

মঙ্গলবার (৫ এপ্রিল) বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ জানিয়েছেন এখনো সময় আছে। তিনি বলেন, ‘আমাদেরকে বলা হয়েছিল আরও আগেই। কিন্তু আমরা জমি খুঁজে পাইনি। এটি একটি ফিফার ফরোয়ার্ড প্রোগ্রামের অনুদান। ২০১৯-২০২৩ পর্যন্ত সময় রয়েছে। ফিফা বলেছিল তোমরা জমি নির্ধারণ কর। আমরা ২০২২ সালের মধ্যে কাজ শুরু করবো। কিন্তু সেটি হয়নি জমি পাওয়া যায়নি বলে।’

২৫ একর জমি চায় বাফুফে। ভবিষ্যতের কথা মাথায় রেখে এই জমি খোঁজা হবে। সোহাগ জানালেন, বাফুফে টেকনিক্যাল সেন্টার গড়তে বড় জমি প্রয়োজন। যেখানে ফুটবল মাঠ থাকবে ২টা। অর্ধশতাধিক খেলোয়াড় যেন প্রশিক্ষণ গ্রহণ করতে পারে তার ব্যবস্হা থাকবে। টেকনিক্যাল হাব হবে এটি।’

২০২৩ থেকে ২০২৬ পর্যন্ত নতুন প্রকল্পের আওতায় বাফুফে চার বছরের জন্য ৮ মিলিয়ন ডলার পাবে। প্রতি বছর ২ মিলিয়ন ডলার পাবে। এ ব্যাপারে সোহাগ বললেন, ‘অনেক কথাই শোনা যায়। এই সব বিষয়ে কোনো সিদ্ধান্ত হয়নি। আমরা যখন কলেজের স্যারের কাছে প্রাইভেট পড়তাম তখন যাওয়া-আসার সময় বন্ধুরা মিলে আলোচনা করতাম একজন ছাত্রের কাছ থেকে যদি ৫০০ টাকা নেয় তাহলে এতগুলো ছাত্রের কাছ থেকে স্যার ১ লাখ টাকা কামাচ্ছেন। পড়ায় স্যার। আর টাকার হিসাব করতাম আমরা। কবে ফিফার কাছে কী পাব না পাবো সেটা নিয়ে অন্যরা আলোচনা করছে।’

ইত্তেফাক/টিএ