পতনের বাজারে ক্রেতাশূন্য প্রায় শত প্রতিষ্ঠান

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৪:৩০

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। এর মধ্যে প্রায় ১০০ প্রতিষ্ঠানের শেয়ারের ক্রেতাশূন্য হয়ে পড়ে লেনদেনের এক পর্যায়ে। এতে বড় পতন হয়েছে মূল্যসূচকের। সেই সঙ্গে কমেছে লেনদেনের পরিমাণ। এর মাধ্যমে টানা দুই কার্যদিবস পতনের মধ্যে থাকল শেয়ারবাজার।

প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের পাশাপাশি অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমছে। ফলে কমেছে সবকটি মূল্যসূচক। পাশাপাশি কমেছে লেনদেনের পরিমাণ। গতকাল ডিএসইতে লেনদেন শুরু হয় বেশির ভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার মাধ্যমে। এতে লেনদেনের সময় আধঘণ্টা না গড়াতেই ডিএসইর প্রধান মূল্যসূচক ৩০ পয়েন্ট কমে যায়। লেনদেনের শুরুতে দেখা দেওয়া এই পতনের ধারা অব্যাহত থাকে লেনদেনের শেষ পর্যন্ত। ফলে লেনদেনের শেষদিকে দাম কমার সর্বোচ্চ সীমায় চলে যায় ৭৫টি প্রতিষ্ঠান। দাম কমার সর্বোচ্চ সীমা স্পর্শ করার পাশাপাশি এ প্রতিষ্ঠানগুলোর শেয়ার ও ইউনিটের ক্রয় আদেশের ঘর শূন্য হয়ে পড়ে। অর্থাত্ এসব প্রতিষ্ঠানের ক্রেতাসংকট দেখা দেয়। গতকাল দিনের লেনদেন শেষে ডিএসইতে মাত্র ৫১টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। বিপরীতে দাম কমেছে ২৮৬টির। আর ৪৪টির দাম অপরিবর্তিত ছিল।

গতকাল ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স আগের দিনের তুলনায় ২৪ পয়েন্ট কমে ৬ হাজার ৬৯৪ পয়েন্টে নেমে গেছে। অন্য দুই সূচকের মধ্যে বাছাই করা ভালো কোম্পানি নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে ২ হাজার ৪৬৪ পয়েন্টে অবস্হান করছে। আর ডিএসই শরিয়াহ্ আগের দিনের তুলনায় ১ পয়েন্ট কমে ১ হাজার ৪৬০ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসইতে লেনদেন হয়েছে ৫৭৫ কোটি ৮৩ লাখ টাকা। আগের দিন লেনদেন হয় ৬২০ কোটি ৬৬ লাখ টাকা। সে হিসেবে লেনদেন কমেছে ৪৪ কোটি ৮৩ লাখ টাকা।

ডিএসইতে টাকার অঙ্কে সব থেকে বেশি লেনদেন হয়েছে বেক্সিমকোর শেয়ার। কোম্পানিটির ৪৮ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। দ্বিতীয় স্হানে থাকা লাফার্জহোলসিম বাংলাদেশের ৩২ কোটি ৫৪ লাখ টাকার লেনদেন হয়েছে। ৩০ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্হানে রয়েছে আইপিডিসি ফাইন্যান্স।

এছাড়া ডিএসইতে লেনদেনের দিক থেকে শীর্ষ ১০ প্রতিষ্ঠানের তালিকায় রয়েছে জিএসপি ফাইন্যান্স, ভিএফএস থ্রেড ডাইং, বিকন ফার্মা, ইয়াকিন পলিমার, এডিএন টেলিকম, জেমিনি সি ফুড এবং রংপুর ফাউন্ড্রি।

অন্য শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক মূল্যসূচক সিএএসপিআই কমেছে ৫৪ পয়েন্ট। বাজারটিতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৩ লাখ টাকা। লেনদেনে অংশ নেওয়া ২৮৪টি প্রতিষ্ঠানের মধ্যে ৬১টির দাম বেড়েছে। বিপরীতে দাম কমেছে ১৯৩টির এবং ৩০টির দাম অপরিবর্তিত রয়েছে।

ইত্তেফাক/ইউবি