চ্যাম্পিয়নস লিগ কোয়ার্টার ফাইনাল

সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো লিভারপুল

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ০৪:৩৩

আগামী সপ্তাহে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগ। তখনই জানা যাবে, কারা এবার সেমিফাইনালে যাচ্ছে। তার আগে মঙ্গলবার (৫ এপ্রিল) বাংলাদেশ সময় মধ্যরাতেই সেমিতে এক পা দিয়ে রাখলো লিভারপুল। বেনফিকার মাঠে তাদেরকে ৩-১ গোলে হারিয়েছে ইয়ুর্গেন ক্লপের শীষ্যরা।

বেনফিকা অপেক্ষাকৃত খর্বশক্তির দল হলেও সেটা নিয়ে হেলাফেলা করেননি ক্লপ। পূর্ণশক্তির দলটিকেই মাঠে নামান তিনি। শুরু থেকেই একাদশে ছিলেন মোহাম্মদ সালাহ, সাদিও মানে, থিয়াগো আলকানতারা, ভার্জিল ফন ডাইক, ফাবিনিও, ট্রেন্ট অ্যালেক্সান্ডার-আরনল্ড ও অ্যান্ডি রবার্টসন সহ সবাই। গোল পেয়েছেন ইবরাহিমা কোনাতে, সাদিও মানে ও লুইস দিয়াজ।

১৭ মিনিটেই প্রথম গোলের দেখা পেয়ে যায় লিভারপুল। লেফটব্যাক অ্যান্ডি রবার্টসনের কর্নারে মাথা ছুঁইয়ে বল বেনফিকার জালে পাঠিয়ে দেন ইবরাহিমা কোনাতে। জার্মান ক্লাব লাইপজিগ থেকে দলে আসার পর এটিই লিভারপুলের জার্সি গায়ে ফরাসি এই ডিফেন্ডার প্রথম গোল। ৩৪ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন সাদিও মানে। কলম্বিয়ান উইঙ্গার লুইস দিয়াজের বাড়িয়ে দেওয়া বলে গোল আদায় করে নেন মানে।

পরে তিন নম্বর গোলটি করেন দিয়াজ। ৮৭ মিনিটে মিডফিল্ডার নাবি কেইতার রক্ষণচেরা পাস বেনফিকার জালে পাঠিয়ে দেন তিনি। তার আগে ৪৯ মিনিটে একটি গোল খেয়ে বসে লিভারপুল।

ইত্তেফাক/টিএ