পাবনার চাটমোহরে গত এক সপ্তাহে অজ্ঞাত রোগে আক্রান্ত হয়ে ১১টি গরুর মৃত্যু হয়েছে। গরুগুলোর মূল্য প্রায় ২০ লাখ টাকা। একের পর এক গরু মৃত্যুর ঘটনায় এলাকার গরুর খামারিদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
জানা গেছে, গত এক সপ্তাহে উপজেলার মথুরাপুর ইউনিয়নের চিরইল গ্রামের জহুরুল ইসলামের একটি, আব্দুল মমিনের দুইটি, আবু তালেবের দুইটি, জামরুল ইসলামের একটি, সাড়োরা গ্রামের মিজানুর রহমানের দুইটি, জবেরপুর গ্রামের মুঞ্জিল হোসেনের একটি, সাড়রা গ্রামের রফিকুলের একটি এবং ইচাখালীর যৌথ মালিকানাধীন খামারের একটি গরুর মৃত্যু হয়েছে। এছাড়া সাড়োরা গ্রামের রফিকুল ইসলামের গর্ভবতী গাভি আক্রান্ত হলে বাছুরের মৃত্যু হয়েছে। জামরুলের আরেকটি গরু আক্রান্ত হয়েছে।
স্থানীয় পশু চিকিৎসক শহিদুল ইসলাম হাফিজ জানান, গরুগুলো দেখে মনে হয়েছে সর্দি-জ্বরে আক্রান্ত ছিল। আক্রান্ত হবার পর হাঁপাচ্ছিল এবং সামনে থেকে পেছনে অথবা পেছন থেকে সামনের দিকে ঝুঁকে পড়ছিল। মুখ দিয়ে লালা ঝরছিল। এক পর্যায়ে খাওয়া বন্ধ করে দেয় এবং আক্রান্তের তিন দিনের মাথায় মারা যায়।
এ ব্যাপারে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. নূরে আলম সিদ্দিকী বলেন, আমরা মৃত গরুগুলোর প্রয়োজনীয় নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য সিরাজগঞ্জ ও ঢাকায় পাঠিয়েছি। পরীক্ষার ফলাফল পেলে গরুগুলোর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। অন্য গরু আক্রান্তরোধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে পারব। আপাতত খামারিদের সবুজ ঘাস পরিবেশন বন্ধ রাখতে পরামর্শ দেওয়া হয়েছে।
