পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে হামলা জোরদার করেছে রাশিয়া 

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ১৭:৫৮

পূর্ব ও দক্ষিণ ইউক্রেনে গোলাবর্ষণ অব্যাহত রেখেছে রুশ বাহিনী। এছাড়া অন্যান্য অঞ্চলে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে দেশটি। একইসঙ্গে ইউক্রেনের খারকিভ শহরে রাতজুড়ে তীব্র হামলা চালিয়েছে রাশিয়া। বুধবার (৬ এপ্রিল) বিবিসির লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।  

প্রতিবেদনে বলা হয়েছে, লুহানস্ক ও দোনেতস্কের বিভিন্ন অংশেও আর্টিলারি হামলা চালিয়েছে রাশিয়া। এসব অঞ্চলে আগামী দিনগুলোতে হামলা আরও জোরদার হবে বলে ধারণা করা হচ্ছে। 

ইউক্রেনের সশস্ত্র বাহিনীর জেনারেল স্টাফ জানায়, ইউক্রেনের পূর্বাঞ্চলের লুহানস্ক ও দোনেতস্কের বরিভস্কি, নোভোলুহান্সকি, সোলদকি, মারিনকা এবং জোলোতা নিভা অঞ্চলের সেনাদের এবং বেসামরিক লোকদের অবকাঠামো লক্ষ্য করে হামলা চালাচ্ছে রাশিয়া। 

মারিউপোলেও হামলা অব্যাহত রেখেছে রাশিয়া। এই শহরটি গত এক মাস ধরে রুশ বাহিনী অবরুদ্ধ করে রেখেছে, বেপরোয়াভাবে বোমা মেরেছে। যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মতে, মারিউপোলের মানবিক পরিস্থিতি ভয়াবহ। 

ইত্তেফাক/এসআর