ফের সালাহউদ্দিন লাভলু-মাসুম রেজা জুটির নাটক

আপডেট : ০৬ এপ্রিল ২০২২, ২২:০২

টিভি নাটকে ফোক ঘরানার সফল কাজের জন্য ইতিহাস হয়ে থাকবেন ‘রঙের মানুষ’, ‘ভবের হাট’-খ্যাত দুই বন্ধু নাট্যকার মাসুম রেজা এবং নির্মাতা-অভিনেতা সালাহউদ্দিন লাভলু। দুজনে এক হয়ে প্রচুর একক ও সিরিজ নাটক করেছেন। প্রায় ৪ বছর হতে চললো লাভলু-রেজা কোনো কাজ করেননি একসঙ্গে।

আসছে রোজার ঈদে মাসুম রেজার লেখায় ৬ পর্বের নাটক নির্মাণ করছেন সালাহউদ্দিন লাভলু। নাটকটির নাম ‘ঝড়ে বক পড়ে’।

আবার একসঙ্গে কাজ করা প্রসঙ্গে মাসুম রেজা বলেন, ‘হঠাৎ লাভলুর ফোন পেলাম। বললো, বন্ধু ঈদের নাটক লিখে দিতে হবে। হিসেব করে দেখলাম প্রায় চার বছর লাভলুর সাথে কাজ করিনি। তাই কোনো কিছু না ভেবেই এই চিত্রনাট্যটা তৈরি করে দিলাম।’

‘ঝড়ে বক পড়ে’ নাটকটির গল্পে দেখা যাবে, জ্যোতিষ বাড়ির বড় ছেলের কেরামতি। মূল জ্যোতিষ মারা যাওয়ার পর বাড়ির বড় ছেলে যা বলে তাই ঘটে! বিষয়টি অনেকটাই ঝড়ে বক পড়ার মতো। একই বাড়ির ছোট ছেলে ভালোবাসে গ্রামের সুন্দরী হিমিকে। হিমি আবার ভালোবাসে গ্রামের এক ফুটবলারকে। তৈরি হয় প্রেম ও জ্যোতিষ বিদ্যার জটিল সমীকরণ।

নির্মাতা সালাহউদ্দিন লাভলু জানান, ঢাকার অদূরে নাটকটির শুটিং চলছে এখন।এই ঈদে একটি বেসরকারি টিভি চ্যানেলে টানা ৬ দিন সম্প্রচার হচ্ছে এটি। পটভূমি যথারীতি প্রেম ও ফোক।

মাসুম-লাভলু জুটির সর্বশেষ ধারাবাহিক হয় ২০১৮ সালে। ‘দ্য ভিলেজ ইঞ্জিনিয়র’ নামের এই কাজটি প্রচার হয় আরটিভিতে।

ইত্তেফাক/বিএএফ