কেমন আছেন শাবনুর? অস্ট্রেলিয়ায় নিবাস গড়েছেন তিনি দীর্ঘদিন। তবে এর ভেতরে দেশে যাওয়া-আসা হতো তার। কোভিডের কারণে সেটিও বন্ধ হয়ে গেল হঠাৎ করেই! নিজের কাজের বাইরে খুব বেশি মেশেন না বা বাংলা কমিউনিটির সঙ্গেও যোগাযোগ রাখেন না তিনি।
শাবনুর বলেন, ‘মাঝে তো অসুস্থ হয়ে হাসপাতালেই ছিলাম। হয়তো এই অসুস্থতা না হলে দেশে থাকতাম এই সময়ে। সময় সুযোগ করে খুব জলদিই আসবো দেশে। নতুন ছবির কাজের ক্ষেত্রে কোনো আগাম খবর আছে কি-না। এমন প্রশ্নে শাবনুর বলেন, ‘এখনও সিনেমার অনেকেই দেখা হলে, নতুন ছবি আসবে কবে? এটা প্রশ্ন করেন। বিশ্বাস করেন এই ধরনের প্রশ্নে আমার কী যে ভালো লাগে! কারণ এক জীবনে অনেকগুলো বছর এই ইন্ডাস্ট্রিকে দিলাম। কতগুলো সফল কাজ করেছি। সেখানে এখনও যে চাহিদা ফুরাইনি, এখনও যে দর্শকদের ভালোবাসায় আছি। এটাই আমার পরম পাওয়া।’
উল্লেখ্য, মাঝে জাজ মাল্টিমিডিয়ার ব্যানারে শাবনুরের নতুন ছবির ঘোষণা এলেও, তা আটকে যায় নানা কারণে। এরপর পারিবারিক সংকটটাও অনেকটা ব্যত্যয় ঘটায় নিজের ক্যারিয়ারে।
এর মাঝে অস্ট্রেলিয়ায় ভাগ্নিদের সঙ্গে বিভিন্ন ইউটিউব কনটেন্ট তৈরিতে দেখা গিয়েছিল। কিন্তু হঠাৎ অসুস্থ হওয়ায় আবারও নিজেকে গুটিয়ে নিয়েছেন। শারীরিক অবস্থা জানাতে শাবনুর বলেন, ‘আমি ভালো আছি সকলের দোয়ায়। আসলে করোনা আমাদের জীবনকে অনেকগুলো প্রশ্ন করে গেল। এক সময় টানা কাজ করেছি। নিজের দিকে যত্ন নিইনি। হয়তো সেগুলোই ভোগাবে বারবার। তবুও নিজেকে সুস্থ রেখেই আরও কিছুদিন ভালো কিছু কাজ করে যেতে চাই আমি।

