মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক উন্নয়ন সংস্থা (ইউএসএইড) ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্কের মালিকানাধীন স্পেসএক্স যৌথভাবে ইউক্রেনে ৫ হাজার স্টারলিংকের স্যাটেলাইট ইন্টারনেট টার্মিনাল পাঠিয়েছে। বুধবার (৬ এপ্রিল) সংস্থাটির বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স।
স্টারলিংকের টার্মিনালগুলো ব্যবহারকারীদের কোন ধরণের কেবল সংযোগ ছাড়াই স্যাটেলাইট ইন্টারনেট সেবা গ্রহণ করতে সহায়তা করে।
মার্কিন সংস্থাটি জানিয়েছে, পাঁচ হাজার টার্মিনালের মধ্যে স্পেসএক্স ৩ হাজার ৬৬৭ টি টার্মিনাল ও ইন্টারনেট পরিষেবা সাহায্য হিসেবে দিয়েছে। আর বাকি ১ হাজার ৩৩৩ টি টার্মিনাল নিজেরা কিনে সরবরাহ করেছে ইউএসএইড।
ইউক্রেনের উপর রুশ আগ্রাসন শুরু হওয়ার পর দেশটির উপ-প্রধানমন্ত্রী একটি টুইট করেন। সেখানে ইলন মাস্ককে মেনশন করে তিনি লেখেন, ‘আপনারা তো মঙ্গলে উপনিবেশ বানাতে চান। এদিকে রাশিয়া যে ইউক্রেন দখল করে ফেললো! আপনাদের রকেট মহাকাশে পৌঁছে গেছে। কিন্তু রাশিয়ার রকেট ইউক্রেনের সাধারণ মানুষদের উপরে হামলা করেছে। আপনাদের কাছে আমাদের দাবি, ইউক্রেনে স্টারলিংক স্টেশন স্থান করুন।’
তার আহ্বানে সাড়া দিয়ে ইলন মাস্ক টুইট করে জানান, ‘ইউক্রেনের সর্বত্র স্টারলিংক পরিষেবা শুরু করে দিয়েছি আমরা।’
ফাইবার অপটিক্যাল কেবল কিংবা সেল টাওয়ার না পারলেও উপগ্রহের মাধ্যমে নিরবচ্ছিন্ন ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম স্টারলিংক। সব মিলিয়ে হাজার দুয়েক উপগ্রহ ইতোমধ্যেই মহাকাশে উৎক্ষেপণ করেছে স্টারলিংক। যা সারা পৃথিবীর বিভিন্ন প্রান্তে ইন্টারনেট পরিষেবা দিতে সক্ষম।
