বিএনপির দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন: কাদের

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৪:৩৭

বিএনপি’র দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, যারা ক্ষমতায় যেতে অন্ধকারে চোরা গলি খোঁজে তারা যে আলো দেখবে না এটাই স্বাভাবিক। বিএনপি’র দৃষ্টিসীমা ঘন কুয়াশায় আচ্ছন্ন।’

বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে ওবায়দুল কাদের সচিবালয়ে তার দপ্তরে আয়োজিত সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন।

তিনি  বলেন, আলোহীন-আশাহীন নেতিবাচক রাজনীতির বৃত্তেই ঘুরপাক খাচ্ছে বিএনপি। আর হতাশায় নিমজ্জিত বিএনপি নেতারা ঘরে বসে বসে দুর্ভিক্ষের কল্পকাহিনী বানাচ্ছে।

বিএনপি মহাসচিব দেশের চারিদিকে দুর্ভিক্ষ দেখতে পান, এ প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, দুর্ভিক্ষ আসলে দেশে নয়, দুর্ভিক্ষ বিএনপিসহ কিছু বিরোধীদলীয় নেতার মানসিকতায়।

তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ খাদ্যে স্বয়ংসম্পূর্ণ। মানুষ খেয়ে পরে ভালো আছে এবং দেশের উন্নয়ন ও অর্জনে জনগণ খুশি।

ওবায়দুল কাদের বলেন, বিএনপিসহ বিরোধীদলীয় কিছু নেতা শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে আদাজল খেয়ে মাঠে নেমেছে বলে, তাদের আচার-আচরণে বিদ্বেষের সুর ফুটে উঠেছে। গঠনমূলক সমালোচনা না করে তারা সংসদে ও সংসদের বাইরে অন্ধ বিদ্বেষে শেখ হাসিনা ও তার সরকারের বিরুদ্ধে বিষোদগার শুরু করেছে।

ইত্তেফাক/এমআর