পাতানো খেলার অভিযোগে একাধিক ক্লাব কাঠগড়ায়

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৫:৪৭

বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লিগ (বিসিএল) থেকেই প্রিমিয়ার লিগে উঠে ক্লাব। সেই বিসিএলে এবার পাতানো খেলার মহোৎসব হয়েছে। কেউ ধরা পড়ছে আবার কেউ ধরা পড়ছে না। তবে বাফুফের হাতে একাধিক ক্লাবের বিরুদ্ধে অভিযোগ এসেছে। সেই ক্লাবগুলোকে নিয়ে বাফুফে কঠিন পথে হাঁটতে যাচ্ছে।

ক্লাবগুলোর মধ্যে রয়েছে ফকিরেরপুল ইয়ংমেন্স ক্লাব, গোপালগঞ্জ স্পোর্টিং ক্লাব, কাওরানবাজার প্রগতি সংঘ, আজমপুর ফুটবল ক্লাব, ফরাশগঞ্জ স্পোর্টিং ক্লাব। এই ক্লাবগুলোর বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ সম্পর্কে তাদের কাছে চিঠি দেওয়া হয়েছিল। তারা জবাবও দিয়েছে। কিন্তু সেই জবাব গ্রহণযোগ্য হয়নি বলে তাদের কাঠগড়ায় দাঁড়াতে হচ্ছে।

গতকাল বাফুফের পাতানো খেলা শনাক্তকরণ কমিটি সভায় বসেছিল। সেখানে ক্লাবগুলোর বিপক্ষে অভিযোগ নিয়ে আলোচনা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে আগামী ১৩ এপ্রিল এবং ১৬ এপ্রিল ক্লাব কর্তাদের হাজির হয়ে প্রশ্নের জবাব দিতে হবে। বাফুফে বলছে এটি ঠিক পাতানো খেলা নয়, স্পট ফিক্সিং, ম্যাচ ম্যানু্যপুলেশন, লাইভ বেটিং, হয়ে থাকে। তাই ক্লাব কর্মকর্তা, খেলোয়াড়কে হাজির হয়ে বক্তব্য দিতে হবে। প্রশ্নের জবাব দিতে হবে।

বাফুফের সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ গতকাল জানিয়েছেন, পাতানো খেলা শনাক্তকরণ কমিটির একটি মিটিং হয়েছে। সিদ্ধান্ত হয়েছে অভিযুক্তদের ডাকা হবে। তিনি জানান, ‘এই কমিটিতে এনএসআই, সেনাবাহিনী, পুলিশ, ডিবির প্রতিনিধি রয়েছেন। আমরা প্রয়োজনে সরকারের বিভিন্ন সংস্হার সহযোগিতা নিতে পারব। আইনি সহায়তা নেব।’

ইত্তেফাক/টিএ