বন্দি রাশিয়ান সেনা হত্যার ভিডিও প্রকাশ

আপডেট : ০৭ এপ্রিল ২০২২, ১৭:২০

ইউক্রেনের যে বুচা শহরে রুশ সেনাদের বিরুদ্ধে যুদ্ধাপরাধ করার অভিযোগ আনা হয়েছে সেটি থেকে ১০ কিলোমিটার দূরে ‘দিমিত্রিওকা’ গ্রামে কয়েকজন রুশ সৈন্যকে হাতবাঁধা অবস্থায় গুলি করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ব্যাপকভাবে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে এ দৃশ্য দেখা গেছে। মার্কিন দৈনিক নিউ ইয়র্ক টাইমস’সহ একাধিক পশ্চিমা গণমাধ্যম এ ভিডিওর সত্যতা নিশ্চিত করেছে। 

নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানিয়েছে, ভিডিওতে ইউক্রেনের এক সেনাকে বলতে শোনা যায়, “সে (রুশ সেনা) এখনও বেঁচে আছে। এই ডাকাতের ছবি তোলো। সে এখনও নিঃশ্বাস নিচ্ছে।”

এ সময় ইউক্রেনের আরেক সেনা আহত রুশ সৈন্যকে দেখিয়ে বলে, সে এখনও বেঁচে আছে।এরপর ইউক্রেনের এক সেনা ওই আহত রুশ সৈন্যকে তাক করে দুই রাউন্ড গুলি ছোঁড়ে। এ সময় রুশ সৈন্যর দেহ কেঁপে ওঠার পর তার শরীরে আরো দুই রাউন্ড গুলিবর্ষণ করা হয়। এই ভিডিওতে পেছনে হাত বাঁধা অন্তত তিনজন রুশ সেনার নিথর দেহ পড়ে থাকতে দেখা যায়।

বুচা শহরের বেসামরিক নাগরিকদের লাশের ছবি প্রচার করে গত কয়েকদিন ধরে ইউক্রেন অভিযোগ করে আসছে যে, রুশ সেনারা ওই শহরের বেসামরিক নাগরিকদের নির্বিচারে হত্যা করেছে। তবে রাশিয়া এ অভিযোগ অস্বীকার করেছে।

ইত্তেফাক/এএইচপি