ভৌতিক ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে নির্মাতা নুহাশ হুমায়ূন তৈরি করেছেন প্রথম ওয়েব সিরিজ ‘ষ’। এই সিরিজের প্রথম গল্প ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’। সম্প্রতি মুক্তি পেয়েছে পেট কাটা ‘ষ’-এর পোস্টার ও ট্রেইলার। যা বেশ কৌতুহলের জন্ম দিয়েছে। আজ রাত ১০টা ৫৯ মিনিট মুক্তি পাচ্ছে ওটিটি প্ল্যাটফর্ম চরকিতে ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’।
হরর ঘরানার ৪টি ভিন্ন গল্প নিয়ে তৈরি হয়েছে দারাজ নিবেদিত চরকি অরিজিনাল অ্যান্থোলজি সিরিজ ‘ষ’। মুখে মুখে প্রচলিত বিভিন্ন কুসংস্কার, লোককথার প্রেক্ষাপটে বর্তমান আবহে তৈরি এই অ্যান্থোলজি সিরিজ। ‘মাছ রাঁধলে পেত্নী আসে’ এই প্রচলিত লোককথা থেকে ‘ষ’ এর প্রথম এপিসোড ‘এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ’।
৪ পর্বের তারকাবহুল এ সিরিজের এই পর্বে প্রধান চরিত্রে দেখা যাবে সোহেল মন্ডল ও শিরিন আক্তার শিলাকে।
অভিনেত্রী শিরিন আক্তার শিলা বলেন, ‘বিভিন্ন মানুষের কথার কারণে এক সময় আমার নিজের উপর থেকে নিজের বিশ্বাস উঠে যায়। আমি মনে করতাম আমাকে দিয়ে মনে হয় অভিনয় সম্ভব হবে না। আমার এই চিন্তা-ভাবনা দূর করার জন্যই এই বিল্ডিং-এ মেয়ে নিষেধ সিরিজে কাজ করা। যেখানে অভিনয় সবকিছু, সৌন্দর্য নিজের মাঝে। এটা আমার জীবনে প্রথম প্রোজেক্ট। কাজটা করে আমি অনেক খুশি। চরিত্রটা করার জন্য আমি আমার আইব্রো পুরো শেভ করে ফেলছিলাম। দুই মাস আইব্রো ছাড়া ছিলাম। যা আমার জন্য একটা নতুন অভিজ্ঞতা ছিল। এখন দর্শকরাই বলবে কাজটা কেমন হয়েছে। আমি শুধু আমার চেষ্টা চালিয়ে গেছি।’
অভিনেতা সোহেল মন্ডল বলেন, ‘হরর কনটেন্টে কাজ করতে হলে পুরা টিম মানে কাস্ট এন্ড ক্রু সবাইকেই পরিশ্রম করতে হয়। আর ভৌতিক কনটেন্ট প্রেজেন্টের ক্ষেত্রে যে মেকআপ, গেটআপ নেয়াটাও বেশ কষ্টসাধ্য। আর সে জায়গা থেকে নুহাশ তো সবসময় ইন্টারেস্টিং কাজ করতে চায়। সব মিলিয়ে আমরা প্রচণ্ড মজা নিয়ে কাজটা করেছিলাম তবে কষ্টও করতে হয়েছে।’
পরিচালক নুহাশ বলেন, ‘কিছু বাংলা ভূতের গল্প আছে আমাদের সবার শোনা। মাছ রাঁধলে পেত্নী আসে, মিষ্টির দোকানে রাতে জ্বীন আসে, নিশির ডাক শুনতে নেই, খোলা চুলে সন্ধ্যায় বের হতে নেই। এইসব ক্লাসিক বাংলা ভূতের গল্প কিন্তু আমাদের ঐতিহ্য। এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের অলিখিত গল্প। এই গল্পগুলোকে এক স্ক্রিন আনার সময় এসেছে। এই গল্পগুলো উপলব্ধি করার সময় এসেছে। পেটকাটা ‘ষ’-তে সেই ক্লাসিক গল্পগুলোকে নতুন করে উপস্থাপন করেছি।’
চরকির প্রধান পরিচালন কর্মকর্তা রেদওয়ান রনি বলেন, ‘চরকি সব সময় চেষ্টা করে দর্শকদের মৌলিক ও ভিন্ন কনটেন্ট উপহার দেওয়ার। ভৌতিক বা হরর কনটেন্ট চরকির পর্দায় এর আগে দর্শক দেখেনি। আশা করছি, সিরিজ ‘ষ’ দেখে দর্শক হতাশ হবে না।’

কেমন আছেন সোহেল-দিতির সন্তানরা?