গত ৩ এপ্রিল পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের বিরুদ্ধে আনীত অনাস্থা প্রস্তাব খারিজের রায় দেন দেশটির ডেপুটি স্পিকার কাসিম খান সুরি। এর পরই পাকিস্তানের প্রেসিডেন্ট আরিফ আলভি ইমরান খানের আহ্বানে পার্লামেন্ট ভেঙে দেন। সেই অনাস্থা প্রস্তাব বাতিল এবং পার্লামেন্ট ভেঙে দেওয়ার পদক্ষেপ সাংবিধানিক কিনা সে প্রশ্নে দেশটির সুপ্রিম কোর্ট আজ বৃহস্পতিবার (৭ এপ্রিল) বাংলাদেশ সময় রাত সাড়ে নয়টা নাগাদ রায় দিয়েছে।
পাকিস্তান সংবাদ মাধ্যমের খবরে বলা হয়েছে, কাসিম সুরির অনাস্থা প্রস্তাব বাতিলের সিদ্ধান্তকে এবং সংসদ ভেঙে দেওয়াকে অবৈধ বলে রায় দেওয়া হয়েছে। এতে করে দেশটির পার্লামেন্ট পুনর্বহাল হবে এবং আগামী শনিবার ইমরান খানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাবে ভোটাভুটি হবে।
প্রধান বিচারপতি উমর আতা বান্দিয়ালের নেতৃত্বে পাঁচ বিচারপতিদের সদস্যের একটি বেঞ্চ এই রায় দিয়েছে। প্রধান বিচারপতির পাশাপাশি এই বেঞ্চে যেসব বিচারপতি ছিলেন তারা হলেন, ইজাজুল আহসান, মোহাম্মদ আলী মাজহার, মুনিব আখতার ও জামাল খান মান্দোখেল।
এর আগে উমর আতা বান্দিয়াল বলেন, এটা পরিষ্কার যে, ডেপুটি স্পিকারের দেওয়া রায় ভুল ছিল। এছাড়া তিনি বলেছিলেন, 'আমাদের জাতীয় স্বার্থের দিকে নজর দিতে হবে।' ডন, জিও নিউজ।

আজ রাত সাড়ে ৮ টায় ইমরান খানের ভাগ্য নির্ধারণ