আওয়ামী লীগ সরকার স্বাস্থ্যব্যবস্থাকে ধ্বংস করে ফেলেছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সকালে জাতীয় প্রেস ক্লাবের সামনে বিশ্ব স্বাস্থ্য দিবস উপলক্ষে বিএনপি আয়োজিত শোভাযাত্রা উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, ‘মানুষ ভালো মানের চিকিৎসা পাচ্ছে না। তাই দেশের বাইরে গিয়ে চিকিৎসা নিতে হচ্ছে। আমরা স্বাস্থ্য খাত নিয়ে সরকারের লুটের চিত্র দেখেছি। করোনাকালেও সেই চিত্র আরো পরিষ্কার হয়ে সামনে এসেছে। এ সময় আমরা শাহেদ কাণ্ড, ডা. সাবরিনা কাণ্ডসহ অনেক কাণ্ড দেখেছি।’
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামের নেতৃত্বে শোভাযাত্রায় দলের স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, স্বেচ্ছাসেবক দলের ভারপ্রাপ্ত সভাপতি মোস্তাফিজুর রহমানসহ ড্যাব নেতারা উপস্থিত ছিলেন।
