ভোলার তজুমদ্দিন উপজেলায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে ফেসবুকে কটূক্তি করায় মো. সাখাওয়াত (২৪) নামে এক ছাত্রদল নেতাকে আটক করেছে পুলিশ।
বৃহস্পতিবার (৭ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার শম্ভুপুর ইউনিয়নের দক্ষিণ খাসেরহাট বাজার থেকে তাকে আটক করা হয়। তিনি চাঁচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ও ৪ নম্বর ওয়ার্ডের মোস্তফা কামালের ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার রাত ১১টা ১৫ মিনিটে ছাত্রদল নেতা শাখাওয়াত তার ফেসবুক আইডিতে চপ-পেঁয়াজু নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বক্তব্য নিয়ে কটূক্তি করে পোস্ট দেন। পরে স্থানীয়রা তাকে দক্ষিণ সম্ভুপুর বাজারে সিটি ব্যাংকের এজেন্ট শাখায় দেখতে পেয়ে চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়াকে খবর দেন। পরে চেয়ারম্যান ঘটনা জেনে তাকে পুলিশের হাতে তুলে দেন।
চাঁচড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবু তাহের মিয়া জানান, আটক শাখাওয়াত এর আগেও প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগের বিভিন্ন নেতাকে নিয়ে কটূক্তিমূলক পোস্ট করেছেন। তখন প্রমাণের অভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া যায়নি।
চাঁচড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবুল কালাম নিরব জানান, শাখওয়াত চাচড়া ইউনিয়ন ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্বরত আছে। শুধু প্রধানমন্ত্রীই নয়, একজন সাধারণ মানুষকে নিয়েই কটূক্তি করলেও আমরা তা সমর্থন করি না। তবে সত্য মিথ্যা যাচাই করে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আহ্বান জানাচ্ছি।
তজুমদ্দিন থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম জিয়াউল হক জানান, সাখাওয়াতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। জিজ্ঞাসাবাদ শেষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
