যুক্তরাজ্যে বাংলাদেশি বংশোদ্ভূত স্কুল শিক্ষক সাবিনা নেসাকে (২৮) হত্যার দায়ে অভিযুক্ত আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে লন্ডনের এক আদালত।
আজ শুক্রবার (৮ এপ্রিল) লন্ডনের কেন্দ্রীয় অপরাধ আদালত (ওল্ড বেইলি) রায়ে বলেছে, সাজাপ্রাপ্ত ওই ব্যক্তিকে কমপক্ষে ৩৬ বছরের সাজা ভোগ করতে হবে।
বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সাজাপ্রাপ্ত ব্যক্তির নাম কোচি সেলামাজ (৩৬)। গত বছর সেপ্টেম্বরে দক্ষিণ-পূর্ব লন্ডনের কিডব্রুক এলাকার একটি পার্কে প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক সাবিনা নেসাকে হত্যা করেন সেলামাজ।
এর কয়েকদিন পর ইস্ট সাসেক্সের ইস্টবোর্নের বাসিন্দা সেলামাজকে গ্রেপ্তার করা হয়। এর পর গত ফেব্রুয়ারি মাসে হত্যার দায়ে তাকে অভিযুক্ত করে আদালত।
ব্রিটিশ-বাংলাদেশি সাবিনা নেসা পড়াশোনা করেছেন গ্রিনিচ বিশ্ববিদ্যালয়ে। পৈতৃক বাড়ি বাংলাদেশের সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলায়।
