ঝালকাঠির কাঠালিয়ায় এক গৃহবধূকে ধর্ষণ ও মারধরের মামলায় এসআই মো. আলমগীর হোসেনকে গ্রেফতার করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে ভুক্তভোগী গৃহবধূ বাদী হয়ে এসআই আলমগীর হোসেনের বিরুদ্ধে ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে থানায় একটি মামলা দায়ের করেন।
শুক্রবার (৮ এপ্রিল) কাঠালিয়া থানার ওসি (তদন্ত) এইচ এম শাহীনের নেতৃত্বে পুলিশ ঝালকাঠির শেখ রাসেল স্টেডিয়াম এলাকা থেকে এসআই আলমগীরকে গ্রেফতার করে। এসআই আলমগীর হোসেন কাঠালিয়া উপজেলার তারাবুনিয়া তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন। তার বাড়ি ভোলা জেলা সদরে।
মামলার বিবরণে জানা গেছে, ঐ গৃহবধূ দুই পুত্র সন্তানকে নিয়ে একা এক বাড়িতে বসবাস করেন। তার স্বামী ব্যবসার সুবাদে চট্টগ্রামে থাকেন। ভিকটিমের ভগ্নীপতি তারাবুনিয়া গ্রামের বাসিন্দা। বোনের বাড়িতে যাওয়া-আসার সুবাদে তারাবুনিয়া তদন্ত কেন্দ্রের এসআই আলমগীর হোসেনের সঙ্গে পরিচয় হয় মামলার বাদীর। গত ৩ এপ্রিল সোমবার রাতে ঐ গৃহবধূর বাড়িতে যায় এসআই আলমগীর হোসেন। সেখানে গিয়ে মামলার বাদীর ইচ্ছার বিরুদ্ধে তাকে ধর্ষণ এবং মারধর করে সে।
থানার অফিসার ইনচার্জ মুরাদ আলী জানান, এ ঘটনায় থানায় ধর্ষণ, নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা হয়েছে। আসামি এসআই আলমগীর হোসেনকে গ্রেফতার করে কোর্টে চালান করা হয়েছে। আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেছে। মামলার বাদীকে বরিশাল শেরই-বাংলা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।
