হাজীগঞ্জে জমে উঠেছে তরমুজের বাজার। এ বছর গরমের শুরুতেই রোজা পড়ায় চাহিদা বাড়ার পাশাপাশি তরমুজের দামও বেড়েছে দ্বিগুণ।
সরজমিনে দেখা গেছে, হাজীগঞ্জ পূর্ব বাজারের হাজী ফল ভাণ্ডার, ভাই ভাই ফলের আড়ত, রাজা ফল ভাণ্ডার, জিন্নাত এন্টারপ্রাইজ, আল্লাহর দান ফলের আড়ত, মানিক ও মন্নান মিয়াসহ প্রায় ১০টি আড়তে পাইকারের মিলন মেলা। নদীপথে আসা ট্রলার থেকে তরমুজ মাথায় করে আড়তদারের ঘরে গুনে গুনে টাল দিচ্ছেন শ্রমিকরা। পাইকার ও হকাররা পিস হিসাবে ছোট তরমুজের দাম ৪০/৫০ টাকা, বড় ২৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত গড়ে ২৫ থেকে ৪০ হাজার টাকা শ বিক্রি হচ্ছে।
দূর-দূরান্ত থেকে আসা পাইকাররা এসব দামে ট্রাক বোঝাই করে তরমুজ দেশের বিভিন্ন প্রান্তে নিয়ে যাচ্ছেন। ভাই ভাই ফলের আড়তের মালিক সেলিম মিয়া ও রাজা ফল ভাণ্ডারের আড়তদার গাজী আলম বলেন, গত কয়েক বছরের তুলনায় এ বছর তরমুজের ব্যাপক আমদানি রয়েছে। এছাড়া প্রচণ্ড গরম ও রোজার মাস হওয়ায় চাহিদা বেড়েছে যে কারণে তরমুজের দামও একটু বেশি।
হাজীগঞ্জ পৌরসভার মেয়র আ স ম মাহবুব-উল আলম লিপন বলেন, এখানকার আড়তদার ব্যবসায়ীদের অনুরোধে দূর-দূরান্ত থেকে আসা মানুষের সুবিধার্থে টয়লেট, পানি, সোডিয়াম লাইটসহ বিভিন্ন সুব্যবস্থা করেছি।
