‘শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার সঙ্গে বাংলাদেশের তুলনা করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে’

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ২২:০৬

শ্রীলঙ্কার অর্থনৈতিক মন্দার সঙ্গে বাংলাদেশের তুলনা করে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি ছড়ানো হচ্ছে বলে দাবি করা হয়েছে। শনিবার (৯ এপ্রিল) সন্ধ্যায় আওয়ামী লীগের ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি করা হয়।

ফেসবুক পোস্টে বলা হয়, ‘ইতিহাসের সবচেয়ে ভয়াবহ অর্থনৈতিক মন্দার মধ্য দিয়ে যাচ্ছে ভারত মহাসাগরীয় দ্বীপরাষ্ট্র শ্রীলঙ্কা। আর এ নিয়ে বাংলাদেশের একটি মহল সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়াচ্ছে নানা বিভ্রান্তি।

অন্যদিকে দেশের অর্থনীতিবিদেরা মনে করছেন বাংলাদেশের শ্রীলঙ্কার মতো পরিস্থিতিতে পড়ার কোনো সম্ভাবনা, যৌক্তিকতা নেই।

করোনাকালীন শ্রীলঙ্কার রফতানি আয় ছিল ৮.৫ বিলিয়ন ডলার, সেখানে বাংলাদেশের রফতানি আয় ছিল ৩৮.৭৫ বিলিয়ন ডলার। ২০২১-২২ অর্থবছরে মার্চ পর্যন্ত আয় হয়েছে ৩৮.৬ বিলিয়ন ডলার। ২০২০ সালে শ্রীলঙ্কার রেমিট্যান্স ছিল ৮ বিলিয়ন ডলার আর বাংলাদেশের ২৪.৭৮ বিলিয়ন ডলার।

মেগাপ্রজেক্ট এর ঋণ নিয়ে কতিপয় সুশীল ব্যক্তিরা আশঙ্কা ব্যক্ত করেছেন, অথচ বাংলাদেশের  মাথাপিছু ঋণ মাত্র ২৯২ ডলার যেখানে শ্রীলঙ্কার ঋণের পরিমাণ মাথাপিছু ১৬৫০ ডলার।

বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ প্রায় ৪৫ বিলিয়ন ডলার, আর শ্রীলঙ্কার রিজার্ভ ২ বিলিয়ন ডলারেরও কম।

বাংলাদেশ এখন পর্যন্ত খাদ্য ঘাটতিতে পড়েনি। এর কারণ কৃষিতে ব্যাপক প্রনোদনা ও ভর্তুকি। পাশাপাশি সরকার চাল আমদানিরও অনুমোদন দিয়েছে যার ফলে চালের সংকট তৈরি হওয়ার কোনো সম্ভাবনা নেই।

বড় প্রকল্পগুলোর সঠিক বাস্তবায়ন, অর্থনৈতিক প্রবৃদ্ধির স্থিতিশীলতা, বৈদেশিক মুদ্রার আয় বৃদ্ধিই জানান দেয় উন্নয়নের মহাসড়কে সঠিক পথেই আছে বাংলাদেশ।’

ইত্তেফাক/ইউবি