সব বিরোধী দলকে আটক করে একতরফা নির্বাচন করতে চায় সরকার: ফখরুল

আপডেট : ১০ এপ্রিল ২০২২, ০৯:২৯

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে তারা নতুন খেলা শুরু করেছে। নির্বাচনি নির্বাচনি খেলা করে তারা সেই নির্বাচনি বৈতরণী পার হতে চায়। সব বিরোধী দলকে মিথ্যা মামলা দিয়ে আটক করে একতরফাভাবে নির্বাচন করে নিতে চায়।

নেতাকর্মীদেরকে উদ্দেশ করে বিএনপি মহাসচিব বলেন, এখন আমাদের আর ঘরে বসে থাকার সময় নাই। পরিবর্তন আনতে হবে। এই পরিবর্তন আনতে হলে, এই ভয়াবহ সরকারকে সরাতে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে।

শনিবার (৯ এপ্রিল) রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে জাতীয়তাবাদী শ্রমিক দল আয়োজিত এক বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

‘চাল, ডাল, তেল, গ্যাস, বিদ্যুৎসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতি, শ্রমজীবী মানুষের ভোগান্তি, দুর্নীতির প্রতিবাদ ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তির দাবিতে’ এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, চেয়ারপারসনের উপদেষ্টা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব মজিবর রহমান সারোয়ার প্রমুখ বক্তব্য রাখেন।

মূল্যবৃদ্ধির পেছনে বিএনপির কারসাজি আছে—তথ্যমন্ত্রীর এই বক্তব্যের সমালোচনা করে তিনি বলেন, যা কিছু ঘটে তার পেছনে নাকি বিএনপি। বিএনপি যদি সব কিছু ঘটাতে পারে তাহলে তোমরা ক্ষমতায় আছো কেন? ক্ষমতা ছেড়ে দাও। বিএনপির হাতে ক্ষমতা দিয়ে দাও। দেখো, আমরা দেশ চালাতে পারি কি না।

ঢাকা শহরে ডায়রিয়া রোগের প্রকোপ বিষয়ে বিএনপির মহাসচিব বলেন, ৬২ বছরের মধ্যে সবচেয়ে বেশি ডায়রিয়া হচ্ছে এখন।

দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, এ রোজার মাসে আমরা একটা শসা কিনতে পারি না, বেগুন কিনতে পারি না। দুঃখ হয়, যখন প্রধানমন্ত্রী আমাদের রান্নার নতুন রেসিপি দেন। তিনি বলেন যে, মিষ্টিকুমড়া দিয়ে বেগুনি বানাও। আওয়ামী লীগ জনগণের সঙ্গে সবসময় প্রতারণা করেছে।

ইত্তেফাক/এমআর